দেশ

রাজধানীতে ১৮ বছরের তরুণীকে ধর্ষণ, পলাতক অভিযুক্ত বন্ধু

বিরোধী দলগুলি যে এই জাতীয় ঘটনাকে হাতিয়ার করে কেন্দ্রকে চাপে ফেলবে, তা বেশ স্পষ্ট।

Truth Of Bengal: ফের প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন সরকার শাসিত রাজ্যগুলির নারী নিরাপত্তা। সম্প্রতি, বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে মাঝেমধ্যেই উঠে আসছে নারী নির্যাতন ও ধর্ষণের খবর, যা ঘিরে চাঞ্চল্য জাতীয় রাজনীতিতে। এর মাঝে এবার রাজধানী দিল্লিতেই ঘটলো তরুণী ধর্ষণের ঘটনা। ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করে ব্ল্যাকমেলের অভিযোগ উঠল তাঁর বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্ত পলাতক, পুলিশের তরফ থেকে খোঁজ চালানো হচ্ছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাজধানীর আদর্শ নগর এলাকায়। তদন্তকারীদের বক্তব্য, নির্যাতিতা ও অভিযুক্ত, দুজনেই হরিয়ানার জিন্দের বাসিন্দা। রাজধানীর এক হোস্টেলে দুজনে থাকছিলেন লেখাপড়ার সূত্রে। তবে গত ৯ সেপ্টেম্বর বছর ২০র সেই অভিযুক্ত যুবক তরুণীকে ডেকে পাঠায় এলাকার এক হোটেলে। সেখানেই নাকি তাঁকে মদ্যপান করিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, আরও অভিযোগ, যেই ছবি ও ভিডিও তোলা হয়েছিল, তাকে হাতিয়ার করে এক মাস ধরে যৌন কার্যকলাপে বাধ্য করা হতো তরুণীকে।

শেষ পর্যন্ত ব্ল্যাকমেল সহ্য করতে না পেরে তরুণী গোটা বিষয়টি নিজের পরিবারকে জানান। এরপর পুলিশের অভিযোগ দায়ের করা হয় গত বৃহস্পতিবার। পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্ত সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এই ঘটনার পর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে গেরুয়া শিবির শাসিত রাজ্যগুলিতে এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটা যে তাদের অস্বস্তি বাড়াবে, তা না বললেও চলে। বিরোধী দলগুলি যে এই জাতীয় ঘটনাকে হাতিয়ার করে কেন্দ্রকে চাপে ফেলবে, তা বেশ স্পষ্ট।

Related Articles