অসুস্থ কংগ্রেস সভাপতি, হাসপাতালে ভর্তি মল্লিকার্জুন খাড়গে
কংগ্রেস নেতারা জানিয়েছেন, যতদিন না রিপোর্ট পরিষ্কার হচ্ছে ততদিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।
Truth Of Bengal: জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার রাতেই তাঁকে বেঙ্গালুরুর এমএস রামাইয়া হাসপাতালে ভর্তি করানো হয়। দলীয় সূত্রে খবর, প্রবীণ এই কংগ্রেস নেতা বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত উদ্বেগের কোনও কারণ নেই। তবে জ্বরের উৎস নির্ণয় করতে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। ৮৩ বছর বয়সি খাড়গে জ্বরের পাশাপাশি পায়ে ব্যথার সমস্যায়ও ভুগছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই চিকিৎসকরা আশ্বস্ত করেছেন। কংগ্রেস নেতারা জানিয়েছেন, যতদিন না রিপোর্ট পরিষ্কার হচ্ছে ততদিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।
প্রবীণ এই কংগ্রেস সভাপতির অসুস্থতার খবর ছড়াতেই উদ্বেগ তৈরি হয়েছে দলের কর্মী-সমর্থকদের মধ্যে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিরোধী শিবিরের বহু নেতা সামাজিক মাধ্যমে খাড়গের দ্রুত আরোগ্য কামনা করেছেন।গত ২৪ সেপ্টেম্বর বিহারের পটনায় কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সমিতির বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি দলের পক্ষ থেকে তাঁর অক্টোবর মাসের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ৭ অক্টোবর নাগাল্যান্ডের কোহিমায় একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল খাড়গের। তার আগেই অসুস্থ হয়ে পড়লেন প্রবীণ এই কংগ্রেস নেতা।
২০২২ সালের অক্টোবরে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন মল্লিকার্জুন খাড়গে। শশী তারুরকে বিপুল ভোটে হারিয়ে সভাপতি পদে আসীন হন তিনি। তারপর থেকে জাতীয় রাজনীতিতে বিরোধী শিবিরের অন্যতম মুখ হয়ে ওঠেন খাড়গে। রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকলেও বয়সজনিত কারণে তাঁর স্বাস্থ্যের সমস্যা মাঝে মধ্যেই প্রকাশ্যে এসেছে। গত বছর জম্মু ও কাশ্মীরের প্রচারসভায় মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে তখন দ্রুত সামলে নিয়ে ফের জনতার উদ্দেশে বক্তৃতা চালিয়ে যান খাড়গে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা নিয়ে আপাতত চিন্তার কিছু নেই বলেই চিকিৎসকরা জানিয়েছেন।






