কলকাতারাজ্যের খবর

নবমীতে সঙ্গে রাখুন ছাতা, একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা

আর কী জানাল আবহাওয়া দফতর?

Truth Of Bengal: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি এখনও অব্যাহত রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার মহানবমী। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিনও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কী জানাল আবহাওয়া দফতর?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় মহানবমীর দিনে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং নদিয়ার মতো জেলাগুলোতে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ঠাকুর দেখতে বেরোলে ছাতাকে সঙ্গী করে বেরোতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেরও একাধিক জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ উত্তরের প্রায় সব এলাকায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদরা আশঙ্কা করছেন, নবমীর পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দশমীর দিন ভারী বর্ষণ হতে পারে দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত।

পুজোর ভিড়ের সময় শহরে জনজীবন ও যান চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগে যেমন কয়েকদিনের ভারী বৃষ্টিতে কলকাতা শহর কার্যত জলমগ্ন হয়ে পড়েছিল, সেই পরিস্থিতি পুনরায় এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

Related Articles