Metro Disruption: পর পর দু’বার ব্যহত মেট্রো চলাচল, চরম যাত্রী ভোগান্তি
Kolkata Metro services faced two major disruptions on Monday due to waterlogging and a suicide attempt.
দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার সকাল থেকে দেখা গেল মেট্রো বিপর্যয় (Metro Disruption)। লাইনে জল জমায় ভাঙা পথে চলে ট্রেন। সেই সমস্যা সমাধান হওয়ার পরই লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মেট্রো স্টেশন চত্বরে। বেশ সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। বলা বাহুল্য, এর আগে একই দিনে দুটি ঘটনার সাক্ষী হতে হয়নি মেট্রো যাত্রীদের।
[আরও পড়ুন: AI Robot Class: এবার স্কুলে ক্লাস নেবে রোবট, ইন্দোরে ক্লাসরুমে হাজির হিউম্যানয়েড রোবট]
বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে গন্তব্যস্থলে পৌঁছানো সহজ করে দিয়েছে কলকাতা মেট্রো। প্রতিদিনই এর মাধ্যমে বহু মানুষ নিজেদের কর্মক্ষেত্র বা স্কুল-কলেজে যান অল্প সময়ের মধ্যে। কিন্তু সোমবার তাদের পড়তে হয় বাধার মুখে। চাঁদনি চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝে লাইনে জল জমার জন্য সকাল ৯টা থেকে টানা পথে চলাচল বন্ধ থাকে। তার পরিবর্তে চলাচল হয় ভাঙা পথে। অবশেষে বেলা ১১টা নাগাদ সবকিছু স্বাভাবিক হয় এবং শুরু হয় যাত্রা(Metro Disruption)।
তবে এরপর ঘটে এক ভয়াবহ কান্ড। মেট্রো সূত্র মারফত জানা গিয়েছে যে বেলা ১১টা ২০ নাগাদ বেলগাছিয়া লাইনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। এর জেরে খালি করে দেওয়া হয় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়া ট্রেনগুলি। শেষ খবর পাওয়া পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলছে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ অবধি। তবে ঘটনায় আতঙ্কিত হন যাত্রীরা।
[আরও পড়ুন: Telengana: তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০ শ্রমিক]
এই প্রসঙ্গে মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, “সকাল ন’টা নাগাদ সেন্ট্রাল ও চাঁদনি চক স্টেশনের মাঝে লাইনে দেখা যায় জল। যাত্রীদের সুরক্ষার কথা ভেবে পাঁচ মিনিট পর ভাঙ্গা পথে পরিষেবা চালু করা হয়। ১১টা বাজার দুই মিনিট আগে ফের পুরো পথে ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু তারপরই একজন আত্মহত্যার চেষ্টা করেন। সেই কারণে ফের পরিষেবায় ব্যাঘাত ঘটে।” অন্যদিকে যাত্রীরা বলেন, “পৌনে ৯টা নাগাদ সমস্যা দেখা দেয়। এরপর ৯টা নাগাদ মেট্রো কর্তৃপক্ষ ভাঙ্গা পথে ট্রেন চলাচলের কথা ঘোষণা করেন। তখন কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত চলছিল মেট্রো। উত্তরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত ট্রেন চলে। মাঝে পার্ক স্ট্রিট থেকে এমজি রোড অবধি বন্ধ ছিল(Metro Disruption)।”






