কলকাতারাজ্যের খবর

WB Weather Update: অবশেষে কাটছে অপেক্ষার প্রহর! দক্ষিণবঙ্গে বর্ষার আগমনী বার্তা

বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

Truth of Bengal: অবশেষে অপেক্ষার অবসানের ইঙ্গিত দিল হাওয়া অফিস। দীর্ঘ ১৫ দিনের নিষ্ক্রিয়তার পর আবারও সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু। পূর্ব ও মধ্য ভারতের সংলগ্ন অঞ্চলে ১৪ জুন থেকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে (WB Weather Update)। এর জেরেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি গড়ে উঠছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে, উত্তর ওড়িশায় আগে যে ঘূর্ণাবর্তটি ছিল, তা ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। এই পরিবর্তনের ফলে বর্ষার অগ্রগতিতে গতি আসবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ১৬ থেকে ১৯ জুনের মধ্যে বর্ষা ঢোকার সম্ভাবনা থাকলেও, কাঙ্ক্ষিত বর্ষার স্বাদ পুরোপুরি মিলবে সম্ভবত ২২ থেকে ২৪ জুনের মধ্যে। তার আগেই অবশ্য ঝড়-বৃষ্টির প্রবণতা শুরু হয়ে যাবে।

আরও পড়ুন: Sodepur Incident: সোদপুর নির্যাতিতা কাণ্ডে বড় মোড়, কলকাতা পুলিশের সহযোগিতায় বড় সাফল্য হাওড়া পুলিশের

আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রাম জেলায় ৪০–৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে দমকা হাওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা ও অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আবহাওয়ার (WB Weather Update) এই রূপ বদলের ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

উত্তরবঙ্গের পরিস্থিতিও বদলাতে শুরু করেছে। ইতিমধ্যেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলছে। পাশাপাশি, শুক্রবার থেকে উত্তরবঙ্গের আটটি জেলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও জলপাইগুড়িতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাগুলিতে (WB Weather Update)। রবিবার বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে এবং তার প্রভাব উত্তর দিনাজপুরেও দেখা যেতে পারে।

Related Articles