Heatwave alert: তাপপ্রবাহে পুড়ছে উত্তর ভারত, দেখুন কোথায় কোথায় রেড অ্যালার্ট?
কোথাও কোথাও পারদ পৌঁছেছে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও
Truth Of Bengal: উত্তর ভারত জুড়ে তাপমাত্রার পারদ ক্রমশই বেড়ে চলেছে। দেশের ছয়টি রাজ্যের অন্তত ১৮টি শহরে তাপমাত্রা ইতিমধ্যেই ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। কোথাও কোথাও পারদ পৌঁছেছে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও। এমন পরিস্থিতিতে ভারতীয় আবহাওয়া দফতর একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। পূর্বাভাসের তরফে জানান হয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি এবং ওড়িশা—এই ছয় রাজ্যে মঙ্গলবার তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি হয়েছে।
আরও পড়ুন: Patna:বাড়ির ভেতর ঢুকে মা-মেয়েকে গুলি! পাটনার শুটআউটে কাঁপছে বিহার
পাশাপাশি রাজধানী দিল্লি এবং আশপাশের এনসিআর অঞ্চলেও প্রবল গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লিতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে জানানো হয়েছে। রাজস্থানের শ্রীগঙ্গানগরে তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জয়সলমের, বাড়মের, জোধপুর, পালী, জালোর এবং সিরোহী জেলাগুলিতে গরমের দাপট আরও বাড়বে বলে সতর্ক করেছে রাজ্য আবহাওয়া দফতর।আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা।
উত্তরপ্রদেশের ১৯টি জেলায় তাপপ্রবাহ এবং লু-এর সতর্কতা জারি হয়েছে। আগ্রা ও ঝাঁসীতে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানার হিসার, ফতেহাবাদ, ভিওয়ানি ও রোহতকেও তীব্র গরমের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে জম্মু-কাশ্মীরের কিছু অংশেও এবার তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে, যা সাধারণত বিরল ঘটনা।একদিকে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে আবহাওয়ার ভিন্ন রূপ দেখা যাচ্ছে।
Truth Of Bengal FB: https://www.facebook.com/truthofbengal
কেরল, কর্নাটক, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, মহারাষ্ট্র, গোয়া, সিকিম, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং ঝাড়খণ্ড—এই সব রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনার কথা জানানো হয়েছে। দেশজুড়ে এই চরম আবহাওয়ার প্রেক্ষিতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন ও আবহাওয়া বিভাগ। বিশেষত শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।






