ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর বড় অভিযান, নিহত তিন মাওবাদী
Security forces kill 3 Maoists in Chhattisgarh

Truth of Bengal: ছত্তিশগড়ের দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমান্ত এলাকায় ফের বড়সড় অভিযান চালাল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার সকালের অভিযানে তিনজন মাওবাদী নিহত হয়েছে। অভিযানের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে ওই অঞ্চলের জঙ্গলে মাওবাদীরা একত্রিত হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে সকাল ৮টা নাগাদ অভিযান শুরু হয়। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানোর সময় মাওবাদীরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘ লড়াইয়ের পর তিনজন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়।
মাওবাদ নির্মূল করতে কেন্দ্রীয় সরকার আগেই কড়া অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ২০২৬ সালের মার্চের মধ্যেই দেশ থেকে মাওবাদ সম্পূর্ণ নির্মূল করা হবে। সরকারের কৌশল অনুযায়ী একের পর এক অভিযান চালানো হচ্ছে, যার ফলে বহু মাওবাদী নিহত হয়েছে। তবে পাল্টা হামলায় নিরাপত্তা বাহিনীরও ক্ষতি হয়েছে।
বর্তমানে দান্তেওয়াড়া ও বিজাপুরের সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান চলছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই অঞ্চলে মাওবাদী উপস্থিতির বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনে নতুন অভিযান চালানো হবে।






