
Truth Of Bengal: আরজি কর কাণ্ডের রায় ঘোষণা হয়েছে শনিবার। রায়ে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। শিয়ালদা আদালতের রায় ঘোষণার পর অঝোরে কেঁদেছেন আরজি করের নির্যাতিতার বাবা। আবেগে–কষ্টে–বেদনায় তিনি জানান, বিচার ব্যবস্থার উপরে তাঁদের ভরসা ‘পূর্ণ মর্যাদা’ পেয়েছে। এর পরেই পরেই গলা ধরে আসে তাঁর। কান্নায় ভেঙে পড়েন। তবে অভিযুক্ত সঞ্জয় রায়ের মা অবশ্য ছেলের দোষী সাব্যস্ত হওয়ার খবর শুনে ভাবলেশহীন। ‘আরো খবর’-এর প্রতিনিধির সামনে প্রথমে তিনি মুখ খুলতেই চাইছিলেন না। পরে তিনি বললেন, ‘ছেলের বিষয় ছেলেই বুঝবে।’
ছেলে দোষী সাব্যস্ত হয়েছে। এই খবর পাওয়ার পরও বিশেষ তাপ উত্তাপ দেখা যায়নি প্রৌঢ়ার মধ্যে। বরং সংবাদ মাধ্যমের বারবার প্রশ্নে বিরক্ত হয়েছেন তিনি। রায় ঘোষণা নিয়ে প্রশ্নের জবাবে দেওয়ালে সাঁটানো ঠাকুরের ছবিগুলfর দিকে ইঙ্গিত করে তিনি বলে ওঠেন, ‘যা জিজ্ঞেস করার ওঁদের করুন।’ পাশাপাশি তিনি বলেন, ‘অপরাধ করে থাকলে শাস্তি পাবে। আইন তো আইনের পথেই চলবে।’ এর আগেও সঞ্জয় রায় গ্রেফতার হওয়ার পরও একই সুর শোনা গিয়েছিল প্রৌঢ়ার মুখে। সেদিন তিনি বলেছিলেন, ছেলের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও শাস্তি পাওয়া উচিত।
ছেলে দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি নিজের অসহায়তা জানিয়ে বলেন, ‘আমার তো কেউ নেই। পাঁচ সন্তানের মা হয়েও আমি একা। আমার স্বামী নেই। তাই আমার হয়ে কেউ লড়ার নেই। আমার একার পেট। একাই চালিয়ে নেব।’ সেই সঙ্গে তিনি নির্যাতিতার বিষয়ে বলেন, ‘মেয়ে হল ঘরের লক্ষ্মী। তাঁর বাবা-মা তো সঠিক বিচার চাইবেই।’





