বিজেপি নেত্রীকে কু-মন্তব্যের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
Truth Of Bengal: সন্দেশখালিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। এবার বিজেপি নেত্রীকে প্রকাশ্যে কটূক্তি ও অশ্লীল গালিগালাজ করার অভিযোগ উঠল দলেরই বর্ষীয়ান নেতা ও তার দলবলের বিরুদ্ধে। সন্দেশখালিতে বিজেপি নেত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ। ঘটনায় অভিযুক্ত বসিরহাট লোকসভার বিজেপি কনভেনার সহ চারজন।সমস্ত বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী। অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছেন।
জানা গিয়েছে,ঘটনার সূত্রপাত হয় বুধবার দুপুরে। এদিন দুপুরে স্বামী ও পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন সন্দেশখালির প্রতিবাদী তথা বিজেপির নেত্রী মাম্পি। জেটিঘাট এলাকায় তখন দাঁড়িয়েছিলেন বসিরহাট লোকসভার বিজেপির কনভেনর বিকাশ সিং সহ তার অনুগামীরা। অভিযোগ, জেটিঘাটের কাছেই তারা মাম্পিকে কটূক্তি করতে থাকেন। অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ।
এরপর বাড়িতে ফিরে মানসিকভাবে ভেঙে পড়েন মাম্পি। সরাসরি তিনি সন্দেশখালি থানায় বিকাশ সিং সহ তার অনুগামী চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মাম্পি বলেন, বিকাশ সিংদের দুর্নীতি ধরে ফেলায় আমার ওপর ওদের এত আক্রোশ। এদিন সবার সামনে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে শুধু আমি নই, আমার সঙ্গে থাকা স্বামী ও পরিবারের সদস্যরাও চূড়ান্তভাবে অপমানিত হয়েছেন। আমি থানার দ্বারস্থ হয়েছি। এখন এর জাস্টিস চাইছি।
সমস্ত অভিযোগ উড়িয়ে বিকাশ বলেন, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। গোটা বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি।






