কলকাতারাজ্যের খবর

বিদায়ের পথে শীত, বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি থাকলেও বাড়বে তাপমাত্রা

আগামী সাত দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Truth Of Bengal: বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সিস্টেম নিয়ে দক্ষিণবঙ্গবাসীর এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপটি তৈরি হওয়ার পর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলের দিকে এই নিম্নচাপের সরাসরি আসার সম্ভাবনা আপাতত ক্ষীণ।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া) রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী সাত দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে স্বস্তির খবরের মাঝে তাপমাত্রার পারদ চড়ার ইঙ্গিতও দিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের শেষ দিক থেকেই গরম অনুভূত হতে শুরু করবে। আগামী সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা থাকায় শীতের আমেজ দ্রুত ফিকে হয়ে গ্রীষ্মের উষ্ণতা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles