রাজ্যের খবর

গ্রামীণ মহিলাদের স্বপ্নপূরণ, কালিয়াগঞ্জে পেপার প্লেট কারখানায় কর্মসংস্থান

Fulfilling the dreams of rural women, employment in a paper plate factory in Kaliaganj

Truth Of Bengal:  “আমি নারী, মানেই সব পারি”—এই কথাকে বাস্তবে রূপ দিচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাকুরিয়া গ্রামের মহিলারা। সরকারি সহায়তায় তৈরি হয়েছে একটি পেপার প্লেট কারখানা, যেখানে ২২ জন গ্রামীণ মহিলা মিলে গড়ে তুলেছেন এক স্বনির্ভরতার দৃষ্টান্ত।

বাড়ির কাজ সামলে ফাঁকা সময়ে মহিলারা একত্রিত হয়ে বানাচ্ছেন কাগজের থালা, বাটি ও প্লেট। সেগুলি বিক্রি করে আয় করছেন মুনাফা, যা তাঁদের সংসারে দিচ্ছে আর্থিক স্বাচ্ছন্দ্য। আর এই সবই হচ্ছে বোচাডাঙ্গা অঞ্চলের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট ক্যাম্পাসে স্থাপিত কারখানায়।

উৎসব, সামাজিক অনুষ্ঠান কিংবা হোটেলে পরিবেশ বান্ধব পেপার প্লেটের চাহিদা এখন তুঙ্গে। সেই বাজারে কোনও সমস্যা ছাড়াই বিক্রি হচ্ছে এই মহিলাদের তৈরি সামগ্রী। শুধু স্থানীয় বাজার নয়, এই প্লেটগুলি ব্যবহৃত হচ্ছে সরকারি বিভিন্ন অনুষ্ঠানেও, এমনকি ব্লক অফিসের ক্যান্টিনেও।

এই উদ্যোগ শুধু আর্থিক স্বাধীনতাই নয়, গ্রামীণ মহিলাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলছে। পঞ্চায়েতের এই প্রয়াসে খুশি স্থানীয় বাসিন্দারাও। মহিলারা জানাচ্ছেন, “আগে স্বামীর হাতে তাকিয়ে থাকতে হতো, এখন নিজের উপার্জনে সংসারে অবদান রাখতে পারছি।”

বস্তুত, আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে যে নারীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তার এক বাস্তব ছবি যেন উঠে এসেছে বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগে। পঞ্চায়েত কর্তৃপক্ষের পরিকল্পনা সফল হলে ভবিষ্যতে আরও মহিলাদের কর্মসংস্থান তৈরি হবে বলেই মনে করছেন প্রশাসনের কর্তারা।

Related Articles