রাজ্যের খবর

পঞ্চম দোলের আবহে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে বসন্ত উৎসব, শহর জুড়ে বর্ণাঢ্য র‍্যালি

কলেজ সূত্রে জানা গিয়েছে, মহাবিদ্যালয়ের ওমেন্স ডেভেলপমেন্ট সেলের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

Truth Of Bengal: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট : পঞ্চম দোল উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে বসন্তের রঙে রঙিন হয়ে উঠল বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়। শনিবার কলেজের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে অংশ নেন অধ্যাপিকা ও ছাত্রীরা। আবিরের রঙে, গান ও নৃত্যের আবহে দিনভর উৎসবের মেজাজে মেতে ওঠেন সকলে।

কলেজ সূত্রে জানা গিয়েছে, মহাবিদ্যালয়ের ওমেন্স ডেভেলপমেন্ট সেলের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ বিমান চক্রবর্তীর উৎসাহে অধ্যাপিকা ও ছাত্রীরা মিলেই গোটা অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনার দায়িত্ব নেন। উৎসব উপলক্ষে এদিন কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। রঙিন আবির, বসন্তের গান আর উচ্ছ্বাসে ভরপুর সেই শোভাযাত্রা কলেজ থেকে শুরু হয়ে বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার কলেজে ফিরে আসে। পথে বহু মানুষ সেই র‍্যালি দেখতে ভিড় জমান।র‍্যালি শেষে কলেজ প্রাঙ্গণে আবির খেলায় মেতে ওঠেন অধ্যাপিকা ও ছাত্রীরা।

গান, নৃত্য ও বসন্তের আবহে জমে ওঠে অনুষ্ঠান।কলেজের দর্শন বিভাগের অধ্যাপিকা ডক্টর জলি রায় বলেন, “পঞ্চম দোল উপলক্ষে আমাদের কলেজে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। ওমেন্স ডেভেলপমেন্ট সেলের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অধ্যক্ষ বিমান চক্রবর্তীর উৎসাহেই আমরা সবাই মিলে এই অনুষ্ঠান করছি।”কলেজের অধ্যক্ষ বিমান চক্রবর্তী জানান, “দোল উৎসব দু’দিন আগেই কেটে গেলেও ওই সময় কলেজের অধ্যাপিকা ও ছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। তাই আজ আমরা বসন্ত উদযাপন অনুষ্ঠানটি পালন করছি।”

Related Articles