রাজ্যের খবর

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেচেদায় বিক্ষোভ

বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের মেচেদা লোকাল কমিটির সম্পাদক সুব্রত দাস, জেলা কমিটির সদস্য স্বপন জানা এবং হেয়াতুল হোসেন।

Truth Of Bengal: রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিক্ষোভ কর্মসূচিতে এসইউসিআই (কমিউনিস্ট)। সংগঠনের পক্ষ থেকে প্রতীকী গ্যাস সিলিন্ডারের ছবি পুড়িয়ে কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। কেন্দ্রীয় সরকারের ঘোষণায় গৃহস্থের রান্নার গ্যাসের দাম ৮৭৯ টাকা থেকে বাড়িয়ে ৯৩৯ টাকা এবং বাণিজ্যিক গ্যাসের দাম ১৮৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯০ টাকা করা হয়েছে। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদেই মেচেদায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এসইউসিআই (কমিউনিস্ট)।

বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের মেচেদা লোকাল কমিটির সম্পাদক সুব্রত দাস, জেলা কমিটির সদস্য স্বপন জানা এবং হেয়াতুল হোসেন। বক্তারা অভিযোগ করেন, ইরান–আমেরিকা যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত করে মালিক শ্রেণির স্বার্থে কেন্দ্রের বিজেপি সরকার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের দাবি, এখনও পর্যন্ত গ্যাস সরবরাহে কোনও সংকট তৈরি হয়নি, তবুও সিলিন্ডার পিছু ৬০ টাকা করে দাম বাড়ানোর ঘোষণা অগণতান্ত্রিক।

বক্তারা আরও আশঙ্কা প্রকাশ করেন, যুদ্ধ পরিস্থিতিকে হাতিয়ার করে আগামী দিনে পেট্রোল, ডিজেল, খাদ্যপণ্য ও সারের দামও বাড়ানো হতে পারে। একই সঙ্গে মালিক শ্রেণির মদতে ব্যাপক কালোবাজারির আশঙ্কাও রয়েছে বলে দাবি করেন তাঁরা। এই পরিস্থিতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা। বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী গ্যাস সিলিন্ডার পোড়ানো হয়। অগ্নিসংযোগ করেন এসইউসিআই (কমিউনিস্ট)-এর পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি।

Related Articles