ভোট-পরবর্তী হিংসায় রক্তাক্ত বসিরহাট! সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ থানার ওসি, ন্যাজাটে চরম আতঙ্ক
বসিরহাটে গুলি-বোমাবাজি! আইনশৃঙ্খলার চরম অবনতি, এলাকা জুড়ে এখন আতঙ্ক
মন্টু সাহাজি, বসিরহাট: ভোট-পরবর্তী হিংসার জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর জখম হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন পুরকায়েত। শুধু ওসি-ই নন, সংঘর্ষের মুখে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন পুলিশকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। নির্বাচনের ফল প্রকাশের ঠিক পরের দিনই এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
কী ঘটেছিল মঙ্গলবার রাতে?
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ন্যাজাটের রাজবাড়ি এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পাওয়া মাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান ওসি ভরত প্রসূন পুরকায়েত। অভিযোগ, পুলিশ পৌঁছাতেই দু’পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি ও গুলির লড়াই শুরু হয়। প্রাণ বাঁচাতে বা পরিস্থিতি শান্ত করতে গিয়েই পুলিশকর্মীরা এই গোলমালের মধ্যে পড়ে যান।
এই সংঘর্ষে ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন পুরকায়েতের হাতে গুলি লাগে। পাশাপাশি, রাজবাড়ি ফাঁড়ির কর্মী ভাস্বত গোস্বামী, এক মহিলা পুলিশ কনস্টেবল এবং দুজন সিআরপিএফ জওয়ানও গুলিবিদ্ধ হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে পরে তাঁদের কলকাতার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
অশান্ত এলাকা, শাহজাহানের স্মৃতি
বসিরহাটের এই ন্যাজাট এলাকাটি একসময় শেখ শাহজাহানের গড় হিসেবে পরিচিত ছিল। এখনও এলাকায় তৃণমূলের বেশ দাপট রয়েছে বলে স্থানীয়দের দাবি। ঘটনাটি ঘটার পর থেকেই এলাকা কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। বুধবার ভোরবেলা থেকেই বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় রুটমার্চ করছে এবং বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থল থেকে প্রচুর গুলির খোল উদ্ধার করা হয়েছে।
ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যে এমন অরাজকতা ও আইনশৃঙ্খলার অবনতি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। পুলিশ আধিকারিকের ওপর সরাসরি হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশাসনের ওপর চাপ বেড়েছে। এখন দেখার, পুলিশি তল্লাশির পর ঠিক কাদের এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়। তবে আপাতত ন্যাজাটজুড়ে থমথমে পরিস্থিতি বজায় রয়েছে।


