রাজ্যের খবর

কুশমন্ডিতে বিজেপির শক্তি বৃদ্ধি, প্রায় ২০০ জনের দলবদল

কুশমন্ডি বিধানসভায় বিজেপির সংগঠনগত শক্তি অনেকটাই বাড়বে

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: ভোটের আবহে কুশমন্ডি ব্লকে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বিজেপি। রবিবার রাতে কুশমন্ডি ব্লকের মধ্য করঞ্জি এলাকার একটি বুথে বড়সড় যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে কুশমন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের হাত ধরে প্রায় ২০০ জন তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

এই দলবদলের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এই যোগদানের ফলে কুশমন্ডি বিধানসভায় বিজেপির সংগঠনগত শক্তি অনেকটাই বাড়বে এবং নির্বাচনী লড়াই আরও তীব্র হয়ে উঠবে।যোগদানকারী এক কর্মী জানান, “আজ আমরা তাপস চন্দ্র রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজকর্ম আমাদের ভালো লেগেছে। সেই কারণেই আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছি। শুধু তৃণমূল নয়, বামফ্রন্ট থেকেও বহু মানুষ আজ যোগদান করেছেন। আগামী দিনে আমরা বিজেপির হয়ে লড়াই করব এবং এই বিধানসভায় দলকে জয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করব।”

এদিনের কর্মসূচিতে উপস্থিত বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায় বলেন, “গতকাল আমাদের ব্লকে প্রধানমন্ত্রীর সভা হয়েছে। সেই সভার পর থেকেই এলাকায় বিজেপির পক্ষে এক অনুকূল হাওয়া তৈরি হয়েছে। তারই প্রভাব আজকের এই বড়সড় যোগদানে স্পষ্ট। এই যোগদান আমাদের কর্মীদের মনোবল আরও বাড়িয়ে দেবে এবং আগামী নির্বাচনে তার ইতিবাচক প্রভাব পড়বে।” সব মিলিয়ে, কুশমন্ডি ব্লকে এই দলবদল যে নির্বাচনের আগে রাজনৈতিক লড়াইকে আরও জমিয়ে তুলবে, তা বলাই যায়।

Related Articles