রাজ্যের খবর

হাওড়া গুলি কাণ্ড: জোড়াসাঁকো থেকে ধরা পড়ল ৩ জন

মূল অভিযুক্তদের খোঁজে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Truth Of Bengal: হাওড়ার পিলখানায় প্রোমোটার সফিক খান খুনের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানা। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। মূল অভিযুক্তদের খোঁজে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ৩৬ বছর বয়সি মহম্মদ বিলাল কলকাতার জোড়াসাঁকো থানার কলাবাগান এলাকার বাসিন্দা। এছাড়া ৩২ বছর বয়সি মহম্মদ ওয়াকিল ওরফে মুন্না এবং দিলদার হোসেন বউবাজার এলাকার বাসিন্দা। বুধবার গভীর রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ ও গোলাবাড়ি থানার যৌথ অভিযানে জোড়াসাঁকোর একটি গোপন আস্তানা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

তদন্তে প্রাথমিকভাবে জানা গিয়েছে, খুনের ঘটনার পর মূল অভিযুক্ত হারুন খান ও রাফাকাত হোসেন ওরফে রোহিত জোড়াসাঁকো এলাকায় মহম্মদ বিলালের কাছে আশ্রয় নেয়। ধৃত তিনজনের সঙ্গে ওই দুই অভিযুক্তের নিয়মিত যোগাযোগ ছিল বলে পুলিশ সূত্রে দাবি। মূল অভিযুক্তদের খোঁজ পেতে ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। বৃহস্পতিবার দুপুরে ধৃত তিনজনকে হাওড়া জেলা আদালতে তোলা হয়।

বুধবার ভোর প্রায় ৪টা ১০ নাগাদ হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানায় প্রকাশ্যে গুলির ঘটনায় মৃত্যু হয় ২৭ বছর বয়সি প্রোমোটার সফিক খানের। তাঁর বাড়ি ওই এলাকাতেই। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুই আততায়ী চার রাউন্ড গুলি চালায় তার ওপর। গুলি যুবকের মাথা ও বুকে লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে অনুমান, এলাকার দুই দুষ্কৃতী হারুন খান ও রাফাকাত হোসেন ওরফে রোহিতের সঙ্গে পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তোলাবাজির টাকা না পাওয়া নিয়ে বিরোধের জেরেও খুন হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Related Articles