প্রথম তালিকায় নাম না থাকলেও ব্রাত্য নন হিরণ, নেপথ্যে দিলীপ ঘোষের ‘মাস্টারস্ট্রোক’?
মেদিনীপুরের হেভিওয়েট নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
Truth of Bengal: বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় চমক হিসেবে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নাম থাকার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। প্রথম দফায় তাঁর নাম না থাকলেও, গেরুয়া শিবিরের অন্দরমহলের খবর অনুযায়ী, হিরণকে অন্য কোনো বড় দায়িত্ব বা লোকসভা আসনের জন্য ভাবছে দল। বিশেষ করে মেদিনীপুরের হেভিওয়েট নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র মারফত জানা গিয়েছে, প্রথম তালিকা প্রকাশের আগেই দলের শীর্ষ নেতৃত্ব হিরণের সঙ্গে কথা বলে তাঁকে আশ্বস্ত করেছিলেন। খড়গপুর আসন থেকে তাঁর নাম না থাকা নিয়ে যাতে কোনও নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি না হয়, সেই বিষয়েও তাঁকে সতর্ক করা হয়েছিল। সম্ভবত সেই কারণেই সোমবার তালিকা প্রকাশের পর সংবাদমাধ্যমের নজর এড়িয়ে গিয়েছেন এই অভিনেতা-বিধায়ক। বিজেপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হিরণকে দল ব্রাত্য করেনি, বরং তাঁর জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে। এদিকে, বাকি আসনগুলির প্রার্থী বাছাই নিয়ে দিল্লিতে তৎপরতা তুঙ্গে। সোমবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের নিয়ে একটি ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিনের বৈঠকে সুনীল বনশল ও বিপ্লব দেবের মতো কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও যোগ দেন। মূলত পশ্চিমবঙ্গের বাকি ১৫০টি আসনের জট কাটাতে এই রুদ্ধদ্বার আলোচনা চলে।
দিল্লি সূত্রে খবর, এই বৈঠক আজ মঙ্গলবারও জারি থাকবে। বুধবারের মধ্যে রাজ্যের বাকি সব প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবারের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। আপাতত রাজনৈতিক মহলের নজর এখন বিজেপির দ্বিতীয় তালিকার দিকে, যেখানে হিরণ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ স্পষ্ট হতে পারে।






