কালীপুজোর মেলায় খাদ্যে বিষক্রিয়া! মৃত এক, অসুস্থ একাধিক
শনিবার সন্ধ্যায় গ্রামের একটি লাইব্রেরির কাছে নরেশ পণ্ডিতের দেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
Truth Of Bengal: পূর্ব বর্ধমানের তকিপুর গ্রামে কালীপুজোর মেলায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন তিন পুলিশকর্মী সহ সাতজন। সেইসঙ্গে এক দোকানির মৃত্যু হয়। মৃত দোকানির নাম নরেশ পণ্ডিত, বাড়ি হাওড়া জেলার বেলুড়ে। তিনি মেলায় ট্যাটু দোকান পরিচালনা করতেন। শনিবার সন্ধ্যায় গ্রামের একটি লাইব্রেরির কাছে নরেশ পণ্ডিতের দেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মেলার সময়, তকিপুর বড়কালী মায়ের বিসর্জনের সময় প্রচুর পুলিশ মোতায়েন থাকেন। পুজো কমিটির পক্ষ থেকে প্রবীর মিত্রের বাড়িতে রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়। অভিযোগ উঠেছে, ওই খাবার খাওয়ার পরই পুলিশকর্মী ও মেলায় আসা দোকানিরা অসুস্থ হয়ে পড়েছেন। তবে প্রবীর মিত্রের গৃহকর্ত্রী রেখা মিত্র দাবি করেছেন, ‘আমাদের বাড়ির খাবার খেয়ে কেউ অসুস্থ হয়নি। মৃত ব্যক্তি আমাদের বাড়িতে খায়নি।‘
এ বিষয়ে মেলায় আসা অন্যান্য দোকানিরা জানান, সবেই ওই মিত্র বাড়ির রান্না খেয়েছেন এবং তা খেয়ে অসুস্থ হয়েছেন। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ব্যক্তির দেহও ময়নাতদন্তের জন্য আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তকিপুরসহ আশেপাশের এলাকায়। পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।






