তৃণমূলের চাপে নতিস্বীকার! বিজেপি-যোগে অভিযুক্ত অফিসারকে সরাতেই বাধ্য কমিশন
শুধু মালদহ নয়, একইসঙ্গে রাজ্যের আরও বিভিন্ন জেলায় মোট ৬ জন পুলিশ পর্যবেক্ষককে বদল করা হয়েছে।
Truth of Bengal: রাজ্যের একাধিক জেলায় পুলিশ পর্যবেক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের জেরে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের আপত্তির মুখে মালদহের চারটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর থেকে সরানো হল পুলিশ পর্যবেক্ষক আইপিএস অফিসার জয়ন্ত কান্তকে।
তৃণমূলের অভিযোগ ছিল, জয়ন্ত কান্তের স্ত্রী বিহারের বিজেপি নেত্রী হওয়ায় তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। এই অভিযোগ সামনে আসতেই বিষয়টি খতিয়ে দেখে কমিশন। এরপরই শনিবার জানানো হয়, ওই চার কেন্দ্রে জয়ন্ত কান্ত আর দায়িত্বে থাকছেন না। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অফিসার হৃদয় কান্তকে, যিনি বিহার ক্যাডারের হলেও ঝাড়খণ্ডের বাসিন্দা।
শুধু মালদহ নয়, একইসঙ্গে রাজ্যের আরও বিভিন্ন জেলায় মোট ৬ জন পুলিশ পর্যবেক্ষককে বদল করা হয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ ও সাগরদিঘি, পশ্চিম বর্ধমানের আসানসোল অঞ্চল, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ও ডেবরা এবং উত্তর ২৪ পরগনার একাধিক কেন্দ্রে এই রদবদল করা হয়েছে।
কমিশনের এই সিদ্ধান্তে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখতে কোনওরকম বিতর্ক বা পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, তৃণমূলের চাপের মুখেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কমিশন, যদিও কমিশনের তরফে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল যে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠছে, তা স্পষ্ট।






