Domkal: ডোমকলে অস্ত্র উদ্ধার, বিহারের মুঙ্গের যোগসূত্রে চাঞ্চল্য, গ্রেফতার ১
পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড গুলি।
Truth of Bengal: ডোমকলে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে চাঞ্চল্য ছড়াল। রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড গুলি। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রগুলি বিহারের মুঙ্গেরে তৈরি বলেই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ (Domkal)।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম আরব আলি ওরফে বদর শেখ (৪০)। তাঁর বাড়ি ডোমকল থানার অন্তর্গত পশ্চিম কুচিয়ামোড়া এলাকাতেই। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ডোমকল থানার আইসি পার্থসারথি মজুমদারের নেতৃত্বে একটি পুলিশ বাহিনী অভিযান চালায় পশ্চিম কুচিয়ামোড়া এলাকার একটি নির্দিষ্ট বাড়িতে। অভিযান চালিয়ে আরব আলিকে আটক করে পুলিশ। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন এবং ২৮টি গুলি (Domkal)।
ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বিহারের মুঙ্গেরে তৈরি। তবে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গুলি ওই ব্যক্তি কোথা থেকে পেল, কার মাধ্যমে তা সংগ্রহ করল এবং তা কোথায় ব্যবহারের পরিকল্পনা ছিল—তা এখনও স্পষ্ট নয়। এছাড়াও, এই অস্ত্রচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ (Domkal)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
সোমবার ধৃত আরব আলিকে ডোমকল মহকুমা আদালতে তোলা হবে। পুলিশের পক্ষ থেকে ১৪ দিনের হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গেছে। গোটা ঘটনায় ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ (Domkal)।






