বাসন্তীতে তাণ্ডবের পর বড় অ্যাকশন! গ্রেফতার ৯, থমথমে এলাকায় টহল কেন্দ্রীয় বাহিনীর
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এরা সকলেই ঘটনার সময় পুলিশকে আক্রমণ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত।
Truth of Bengal: বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবার পর্যন্ত বাসন্তীর ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের সকলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার মোড়েখালি এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এরা সকলেই ঘটনার সময় পুলিশকে আক্রমণ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত। ইতিমধ্যেই সকলের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলার রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। শুধু তাই নয়, সকলকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ধৃতদের। আর এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত তাও তদন্ত করে দেখতে পুলিশ।
উল্লেখ্য বৃহস্পতিবার ১২৮ বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ সর্দার যখন বাসন্তী বাজার এলাকায় প্রচার করছিলেন তখনই তাঁর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার খবর পেয়ে বাসন্তী বাজারে পৌঁছায় পুলিশের একটি দল। পুলিশ এলাকায় পৌঁছাতেই দুষ্কৃতীরা রণংদেহী মূর্তি ধারণ করে। শুরু হয় আক্রমণ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। লাঠি দিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাসন্তী থানার এসআই সৌরভ গুহ, কনস্টেবল অমিত বিশ্বাস, কনস্টেবল বিশ্বজিৎ দাস, কনস্টেবল দেবাশিস হালদার, কনস্টেবল সঞ্জিত গোলদার,কনস্টেবল অনুপ কুমার হালদার,সিভিক ভলেন্টিয়ার সৌমেন মণ্ডল ও রফিকুল লস্কর।
বিজেপির প্রার্থীর সঙ্গে থাকা বেশ কয়েকজনকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় বাইক। ঘটনার তদন্তে নেমে পুলিশ সাহাবুদ্দিন গাজী, নূর আলম সেখ, আহম্মদ সেখ, আবিদ হোসেন সেখ, মোঃ ওয়াসিম, মিতাই পাল, সইদুল মোল্লা, জাহাঙ্গীর হোসেন মোল্লা-সহ মোট ৯ জনকে গ্রেফতার করে। ওই এলাকায় বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ এবং আরও বেশ কিছু ভিডিও ছবি খতিয়ে দেখে ধৃতদেরকে গ্রেফতার করা হয়েছে। যাঁদেরকে গ্রেফতার করা হয়েছে তাঁদের বিরুদ্ধে পুলিশকে মারধর, ভাঙচুর , খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা দেওয়া, মামলার রুজু করা হয়েছে। ইতিমধ্যেই ওই এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।পাশাপাশি টহল চলছে কেন্দ্রীয় বাহিনীর।
পুলিশ সুত্রের খবর ঘটনায় মোট ২৪ জনকে চিহ্নিতকরণ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। অন্যান্যদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি অভিযান চলছে। এই ঘটনায় ইতিমধ্যে আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার। অন্যদিকে, শুক্রবার রাতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রবীর ঘোষ নতুন আইসি হিসেবে যোগ দিয়েছেন।





