রাজ্যের খবর

আসানসোলে দেখা মিলল বিশাল হায়নার! রুদ্ধশ্বাস অভিযানে খাঁচাবন্দি বন্যপ্রাণী

জনবহুল এলাকার এত কাছে পূর্ণবয়স্ক একটি হায়না দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Truth of Bengal: আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত চুরুলিয়া সংলগ্ন মদন তোর গ্রামে বৃহস্পতিবার সকালে এক বিশালাকার হায়না উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের অদূরে একটি খনি অঞ্চলের জঙ্গলের পাশে ওই বন্যপ্রাণীটিকে প্রথম লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। জনবহুল এলাকার এত কাছে পূর্ণবয়স্ক একটি হায়না দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে খনি সংলগ্ন জঙ্গলের ধারে প্রাণীটিকে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীরা তড়িঘড়ি চুরুলিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশের পক্ষ থেকে দ্রুত যোগাযোগ করা হয় বন দপ্তরের সালানপুর বিট অফিসের সঙ্গে। খবর পেয়েই বন দপ্তরের কর্মীরা বিশেষ খাঁচা নিয়ে অকুস্থলে পৌঁছান। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় হায়নাটিকে সফলভাবে খাঁচাবন্দী করা সম্ভব হয়। বিরল এই দৃশ্য চাক্ষুষ করতে এদিন এলাকায় ভিড় জমান শয়ে শয়ে মানুষ।

উল্লেখ্য, আসানসোল শিল্পাঞ্চলে হায়নার আতঙ্ক এই প্রথম নয়। এর কিছুকাল আগেই রূপনারায়ণপুর এলাকায় হায়নার গতিবিধি ধরা পড়েছিল। পরিস্থিতি মোকাবিলায় এবং নজরদারি চালাতে বন দপ্তরের পক্ষ থেকে সে সময় বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরাও বসানো হয়েছিল। রূপনারায়ণপুরের পর এবার চুরুলিয়া এলাকায় হায়নার হদিস মেলায় কপালে ভাঁজ পড়েছে বনকর্তাদের। সংলগ্ন জঙ্গলে আরও হায়না লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি শুরু করেছে বন দপ্তর।

Related Articles