রাজ্যের খবর

ক্যানিংয়ে অস্ত্র কারবারি গ্রেফতার, সুন্দরবনে ডাকাতির ছক বানচাল পুলিশের

Arms dealer arrested in Canning, police foil robbery plot in Sundarbans

Truth Of Bengal: লোকেশ হালদার, ক্যানিং: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। ধৃতের নাম বাপি অধিকারী। শুক্রবার রাতে ক্যানিং রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের দাবি, সুন্দরবন কোস্টাল থানা এলাকায় ডাকাতির পরিকল্পনা ছিল এক দল দুষ্কৃতীর। সেই দলের কাছেই অগ্নেয়াস্ত্র সরবরাহ করার কথা ছিল বাপির। তদন্তে জানা গেছে, পিয়ালি থেকে দুই দুষ্কৃতী শুক্রবার রাতে ক্যানিংয়ে এসে বাপির কাছ থেকে অস্ত্র নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু আগেভাগেই খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ এলাকায় ফাঁদ পাতে। যথাসময়ে অভিযানে নেমে বাপিকে হাতেনাতে ধরে ফেলে তারা।

ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, সে দীর্ঘদিন ধরেই অস্ত্র পাচারচক্রের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে আগে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে পুলিশের।

পুলিশ সূত্রে আরও খবর, এই চক্রের শিকড় সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। ফলে ক্যানিং, পিয়ালি ও আশপাশের অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অস্ত্র পাচার ও ডাকাতি রুখতে এলাকায় রুটিন নজরদারি ও নাকা তল্লাশি আরও জোরদার করা হবে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের আশ্বস্ত করে পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Related Articles