গলল অভিমানের বরফ! অভিষেকের সভায় হাজির সৌমেন-বিপ্লবরা
দলের বর্তমান সেকেন্ড-ইন-কমান্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করায় এক প্রকার অভিমান দূর হয় রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী সৌমেন ও বিপ্লবের।
Truth of Bengal, Kolaghat: মন্ত্রিত্ব, জেলা সভাধিপতির-সহ একাধিক পদ থেকে সরেছিলেন অনেকদিন আগে। নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া, তারপর ২০২৬ বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র অভিমান করেছিলেন। সৌমেনের মতো অভিমানী হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মৎস্যমন্ত্রী কোলাঘাটের বিধায়ক বর্ষীয়ান তৃণমূল নেতা বিপ্লব রায়চৌধুরীও।
২০২৬ বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে অভিমানী ছিলেন। শুক্রবার কোলাঘাটে পাঁশকুড়া পূর্ব বিধানসভার প্রার্থী অসীমকুমার মাজীর সমর্থনে কোলাঘাটে কর্মী সভা করতে এসেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে উঠেই প্রথমেই রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী সৌমেনকুমার মহাপাত্র ও বিপ্লব রায়চৌধুরীর সঙ্গে দেখা করেন। তাঁদের স্বাস্থ্যের বিষয় নিয়ে কথা বলেন। দলের বর্তমান সেকেন্ড-ইন-কমান্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করায় এক প্রকার অভিমান দূর হয় রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী সৌমেন ও বিপ্লবের।
এদিন সৌমেনবাবু বলেন, “আমার অসুস্থতার কথা অভিষেক জানতেন না। শুনে শরীরের যত্ন নেওয়া কথা বলেন। আমাদের নেতার এই ধরনের কথায় আপ্লুত। সুস্থ শরীরেও দল যেভাবে বলবে সেভাবেই কাজ করে যাব।”
অপর দিকে বিপ্লববাবু বলেন, “গতিশীল নেতৃত্বের দরকার। মানুষও গতিশীল নেতৃত্বকে চাইছে তাই অভিষেক সেই ধরনের মানুষদের সামনে আনছেন। প্রবীণ ও নবীনদের নিয়েই দল। প্রবীণরা পরামর্শ দেবে নবীনরা দলকে এগিয়ে নিয়ে যাবে। আগের থেকে দল অনেক ভাল ফল করবে। আমরা আমাদের সাধ্যমতো পাশে থাকব।”
পাঁশকুড়া পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসীমকুমার মাজী জানান, “কারও কোনও অভিমান নেই। প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিপ্লববাবু, অসীতবাবুদের সঙ্গে দেখা করে আর্শীবাদ নিয়ে আমরা নির্বাচনী লড়াইয়ে নামি। কোথায় কে অভিমান করেছে আমার জানা নেই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছি”।





