খেলা

তিন হাজার টাকার টিকিট কুড়ি হাজারে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কালোবাজারি তুঙ্গে

বলিউড তারকরা এবং টপ রাজনৈতিক লোকদেরই এই ভিআইপি বক্স-এ দেখতে পাওয়া যায়।

Truth Of Bengal: আমদাবাদ শহর থেকে সাত কিলোমিটার দূরে মোতেরা গ্রামটি এমনিতে ধূলিধুসরিত, কিন্তু গ্রামটি ছায়া সুশীতল শান্তির নীড়। এই গ্রামেই মাথা তুলে দাঁড়িয়েছে এক লক্ষ বত্রিশ হাজার দর্শক আসন বিশিষ্ট বিশ্বের সেরা ক্রিকেট স্টেডিয়ামটি। প্রাক্তন নাম ছিল গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। নাম বদলে তা এখন নরেন্দ্র মোদি স্টেডিয়াম। বিশ্বের এই বৃহত্তম ক্রিকেট মাঠটিতে দু’ধরনের পিচ আছে।

একটি লাল মাটি দিয়ে তৈরি, অন্যটি কালো মাটি দিয়ে। রবিবার ম্যাচ সম্ভবত হবে কালো মাটির পিচে। কিন্তু, লাল-কালো যাই হোক না কেন আমদাবাদের টাকার গরম কিন্তু বয়ে যাচ্ছে মোতেরার ওপর দিয়ে। ব্যবসা-নগরী আমদাবাদে ফাইনালের টিকিটের চাহিদা তুঙ্গে। সর্বনিম্ন টিকিটের দাম দু’হাজার টাকা। সব সোল্ড আউট। তিন হাজার টাকার টিকিটের দর কালোবাজারে উঠেছে কুড়ি হাজার টাকায়। হসপিটালিটি বক্স-এর টিকিটের দাম লঞ্চাশ হাজার টাকা। মুফতে খাদ্য-পানীয় মেলে এই বক্সের টিকিটে। ভিআইপি বক্সের টিকিটের দাম এক লক্ষ টাকা। বলিউড তারকরা এবং টপ রাজনৈতিক লোকদেরই এই ভিআইপি বক্স-এ দেখতে পাওয়া যায়। এই বক্সেরও টিকিট বিক্রি হচ্ছে দেড় লক্ষ কিংবা দু’লক্ষ টাকা দামে। প্রিমিয়াম টিকিটও সব বিক্রি হয়ে গিয়েছে। টিকিটের কালোবাজারি আটকাতে গুজরাট পুলিশ সোশ্যাল মিডিয়া ও সংবাদপত্রে বিজ্ঞাপনে দিয়ে বলেছে, যেন কেউ আন অফিসিয়াল প্লাটফর্ম থেকে টিকিট না কেনে।

এদিকে হাওয়া অফিস জানাচ্ছে যে, রবিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কিন্তু ইতিমধ্যেই আমেদাবাদের দর্শকরা এই ম্যাচে তাপমাত্রার ঝড় তুলেছেন, যা একশো ডিগ্রি সেলসিয়াসকেও হার মানাবে!

Related Articles