সাফল্যের শিখরে থেকেও আত্মসমালোচনা! সময়ের সঠিক ব্যবহার নিয়ে কী বললেন মেসি?
সেই মুহূর্তগুলোতে আফসোসও এসেছে—সময়কে আরও ফলপ্রসূভাবে কাজে লাগাতে পারলে হয়তো এমন সংকোচ থাকত না।
Truth Of Bengal: বিশ্বফুটবলের মহাতারকা হলেও মানুষ হিসেবে নিজের সীমাবদ্ধতা নিয়ে অকপট লিওনেল মেসি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভাষাগত অস্বস্তি তাঁকে বহুবার অপ্রস্তুত করেছে। নামী ব্যক্তিদের সঙ্গে আড্ডা বা আনুষ্ঠানিক কথাবার্তায় কখনও কখনও নিজেকে অজ্ঞ মনে হতো তাঁর। সেই মুহূর্তগুলোতে আফসোসও এসেছে—সময়কে আরও ফলপ্রসূভাবে কাজে লাগাতে পারলে হয়তো এমন সংকোচ থাকত না।
এই আত্মসমালোচনাই এখন তাঁর জীবনের শিক্ষায় পরিণত। তিন সন্তানকে তিনি নিয়মিত বলেন, সুযোগ এলে তা দু’হাত বাড়িয়ে গ্রহণ করতে। তাঁর কথায়, ছোটবেলায় কোনো কিছুর অভাব ছিল না, পরিবার সর্বোচ্চ চেষ্টাই করেছে। তবে বর্তমান প্রজন্মের সামনে সম্ভাবনার পরিসর আরও বড়—তাই পিছিয়ে থাকার কারণ নেই।
আগামী বিশ্বকাপে খেলা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মেসি। ইচ্ছা আছে, কিন্তু সবকিছু নির্ভর করছে শারীরিক সক্ষমতার উপর। ১১ জুন থেকে বিশ্বকাপ শুরু হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ২০২২ সালে শিরোপা জয়ের পথে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার বড় ধাক্কা ছিল আর্জেন্টিনার। পরের ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলের জয় ছিল কার্যত বাঁচামরার লড়াই। মেসির স্মৃতিতে সেই ম্যাচ ভীতির আবহেই খেলা—কারণ মেক্সিকো বরাবরই কঠিন প্রতিপক্ষ।
জীবন সম্পর্কে তাঁর বার্তা স্পষ্ট—সবাই এক রকম বাস্তবতার মধ্যে দিয়ে যায় না, তবু আনন্দ খুঁজে নিতে হয় প্রতিদিনে। পরিবার, সন্তান, ছোট ছোট মুহূর্ত—এসবই এখন তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
এদিকে ক্লাব ফুটবলে নতুন মৌসুম শুরু করেছেন তিনি। ইন্টার মিয়ামির হয়ে অভিযান শুরু হলেও প্রথম ম্যাচেই ধাক্কা—লস এঞ্জেলেস এফসির কাছে ০-৩ গোলে হার। নতুন মরশুমের ঘুরে দাঁড়ানোই এখন লক্ষ্য মেসিদের।






