Khalid Jamil: সমস্ত জল্পনার ইতি, ব্লু টাইগার্সদের নতুন কোচ খালিদ জামিল
এই ঘোষণা হতেই ফুটবল মহল থেকে ধেয়ে এসেছে খালিদ জামিলকে অভিনন্দনের বন্যা।
Truth Of Bengal: অবশেষে জল্পনার হল অবসান। শেষ পর্যন্ত নতুন কোচ বেছে নেওয়া হল ভারতীয় সিনিয়র ফুটবল দলের। যেমনটা ভাবা হয়েছিল, ঠিক তেমনটাই হল। কোচিংয়ের দায়িত্ব দেওয়া হল জামশেদপুর এফসির কোচ খালিদ জামিলকে (Khalid Jamil)। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) তরফ থেকে সরকারিভাবে এই ঘোষণা করে দেওয়া হয়েছে। এই ঘোষণা হতেই ফুটবল মহল থেকে ধেয়ে এসেছে খালিদ জামিলকে অভিনন্দনের বন্যা।
[আরও পড়ুন: Public Petition: নবান্ন অভিযান রুখতে জনস্বার্থ মামলা? কারণ জানালেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত]
এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকংয়ের বিরুদ্ধে ভারতের বিশ্রী পরাজয়ের পর কড়া সিদ্ধান্ত নেয় এআইএফএফ। কোচের পদ থেকে ছেঁটে ফেলা হয় মানোলো মার্কেজকে। এরপরই ফেডারেশনের তরফ থেকে গত ৪ঠা জুলাই নয়া কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে আবেদন করেন বহু দেশী ও বিদেশী প্রাক্তন তারকা। প্রায় ২০০ জনের কাছাকাছি আবেদন জানান কোচ পদের জন্য।
গত সপ্তাহতেই বিবৃতি জারি করে ফেডারেশন জানিয়েছিল যে মোট ১৭০ জন আবেদন করেছে। টেকনিক্যাল কমিটি চূড়ান্ত করেছিল ৩ জনের নাম – খালিদ জামিল (Khalid Jamil), স্টিফন কনস্ট্যান্টাইন এবং স্তেফান তারকোভিচ। ফুটবল প্রেমীরা, অভিজ্ঞতা ও ফেডারেশনের বিদেশী কোচকে বেতন দেওয়ার ক্ষমতার কথা মাথায় রেখে, এগিয়ে রেখেছিলেন খালিদ জামিলকে। অবশেষে সেটাই হয়। তাঁকেই দায়িত্ব দেওয়া হয় ব্লু টাইগার্সের ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়ার।
[আরও পড়ুন: Ghatal: দেড় মাসে ৪ বার প্লাবিত ঘাটাল! নজরদারি চালাচ্ছে প্রশাসন]
যদিও এক্ষেত্রে প্রশ্ন থাকছে যে তিনি কতদিন এই দায়িত্বে থাকতে পারবেন কারণ ডিসেম্বরের দেশের ফুটবলের ভবিষ্যৎ কি হবে, তা কারোর জানা নেই। এখন থেকেই মোটামুটি নির্বাচনের দামামা বেজে গিয়েছে ফেডারেশনের ভেতরে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। কোন পথে এগোচ্ছে দেশের ফুটবলের ভবিষ্যৎ? এটাই এখন বড় প্রশ্ন। তবে খালিদ জামিলের (Khalid Jamil) সামনে যে এখন বড় দায়িত্ব, তা না বললেও চলে।






