খেলা

হর্ষিত গম্ভীরের ফেভারিট, সেই কারণেই অস্ট্রেলিয়া সফরে দলে সুযোগ পেয়েছে: শ্রীকান্ত

যা দেখে একেবারে অবাক হয়েছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। এমনকি হর্ষিতকে কটাক্ষও করেছেন শ্রীকান্ত।

Truth Of Bengal: চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দেশের মাটিতে গিয়ে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই সফরের জন্য গত শনিবার ভারতীয় দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই দুই সিরিজের ম্যাচের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দিল্লির তরুণ পেসার হর্ষিত রানা। যা দেখে একেবারে অবাক হয়েছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। এমনকি হর্ষিতকে কটাক্ষও করেছেন শ্রীকান্ত।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য শ্রীকান্ত জানান, ‘হর্ষিত আসলে জাতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীরের খুব পছন্দের খেলোয়াড়। সেই কারণে ওকে এই দুই সিরিজে দলে নেওয়া হয়েছে।’  উল্লেখ্য, হর্ষিত অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে দলে সুযোগ পেয়েছেন পেসার যশপ্রীত বুমরার বদলে। কেননা এশিয়া কাপ খেলে আসার পর বুমরা ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন, তাই তাঁকে বিশ্রাম দেওয়ার জন্যই হর্ষিতকে দলে নেওয়া হয়েছে।

এরপর শ্রীকান্ত আরও বলেন, ‘গম্ভীর যতদিন দলের কোচ হিসেবে দায়িত্বে থাকবেন, ততদিন টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের তালিকায় শুভমনের পরই যে নামটি থাকবে, সেটি হল হর্ষিত রানার।’ হর্ষিতের পাশাপাশি প্রাক্তন জাতীয় ক্রিকেটার প্রশ্ন তোলেন নীতীশ রেড্ডির একদিনের দলে স্থান পাওয়া নিয়েও। সেই প্রসঙ্গে শ্রীকান্ত বলেন, ‘আমার মাথায় এল না নির্বাচকরা কি করে নীতীশকে একদিনের সিরিজে দলে নিলেন। ওনারা যুক্তি দেবেন, নীতীশকে অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছে। যেহেতু হার্দিক চোটের কারণে দলে নেই। কিন্তু আমার মনে হয় ওনারা ভুলে গিয়েছেন, নীতীশ প্রকৃত অলরাউন্ডার নন। এবং অস্ট্রেলিয়ার পিচে তাঁকে সাফল্য পেতে গেলে যথেষ্ট পরিমাণে লড়াই করতে হবে। সুতরাং অস্ট্রেলিয়ার বিপক্ষে নীতীশের দলে সুযোগ পাওয়াটাও ঐতিহাসিক ভুল নির্বাচকদের। সেই জায়গায় নীতীশের বদলে দলে সুযোগ পাওয়া উচিত ছিল রবীন্দ্র জাদেজার।’

সবশেষে শ্রীকান্ত বলেন, ‘নির্বাচকদের মাথায় এল না অস্ট্রেলিয়ার মাটিতে নীতীশকে অলরাউন্ডার হিসেবে ব্যবহার করা মানেই বিপদ বাড়ানো। নীতীশ আসলে প্রকৃতপক্ষে একজন ব্যাটার। মাঝে মধ্যে কিছুটা বোলিং করতে পারা মানেই এমন নয় যে তাঁকে অলরাউন্ডার বলা হবে। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলে সুযোগ পায়নি। কিন্তু এবার ওকে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজের জন্য দলে নেওয়া হল। এটা একদমই ভুল সিদ্ধান্ত।’

Related Articles