‘কোনও আইন লঙ্ঘন করেননি’, রউফের জরিমানার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত পিসিবি-র
এই বিষয়ে পিসিবি-র এক কর্তা সংবাদিক সম্মেলন করে কারণও জানিয়েছেন।
Truth Of Bengal: চলতি বছরের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেও ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। সেই ম্যাচে অখেলোয়াড়চিত অঙ্গভঙ্গি করেছিলেন পাকিস্তান বোলার হ্যারিস রউফ। এবং তার জেরেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। তার ফলেই পাকিস্তান বোলারের ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হবে বলেও জানিয়েছে আইসিসি। এবার রউফের ওপর জরিমানার এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এই বিষয়ে পিসিবি-র এক কর্তা সংবাদমাধ্যমকে জানান, ‘আইসিসি হ্যারিস রউফকে শাস্তি হিসেবে তাঁর ম্যাচ ফি-র ৩০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছি। কেননা আমাদের মনে হয়েছে হ্যারিস কোনও আইন লঙ্ঘন করেননি।’
প্রসঙ্গত, এখনও অবধি এই বিষয়ে সরকারিভাবে নিজেদের সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশেষ সূত্রের খবর, হ্যারিসের ওপর আইসিসি-র ধার্য করা জরিমানার ৩০ শতাংশ টাকা আইসিসি-কে ব্যক্তিগতভাবে মেটাবেন পিসিবি-র বর্তমান প্রেসিডেন্ট মহসিন নাকভি। এদিকে হ্যারিসের আর্থিক জরিমানার প্রসঙ্গে আইসিসি-র পক্ষ থেকেও জানানো হয়নি পিসিবি-কে। ফলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে খোঁচা দিয়ে নকভি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ব্যালেন্সিং অ্যাক্টের কারণ ব্যাখ্যা করতে আর কত সময় নেবেন।’






