ইডেনে কি ফিরছে বিশ্বকাপের সেমিফাইনাল? পাকিস্তানের বিদায়েই খুলে গেল কলকাতার ভাগ্য!
কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে একটি সেমিফাইনাল হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হচ্ছে
Truth of Bengal: ‘কারও পৌষমাস, কারও সর্বনাশ’—এই প্রবাদটাই যেন মিলছে এবারের বিশ্বকাপের সেমিফাইনাল দৌড়ে। টুর্নামেন্ট যত শেষের দিকে এগোচ্ছে, প্রতিটি ম্যাচ ততই হয়ে উঠছে রুদ্ধশ্বাস। আর সাম্প্রতিক পরিস্থিতি দেখে ভারতীয় সমর্থকদের মুখে এখন চওড়া হাসি। কারণ জোর জল্পনা—বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল দু’টিই ভারতে হতে পারে। এমনকি কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে একটি সেমিফাইনাল হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হচ্ছে।
তবে বিষয়টি এত সহজ ছিল না। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি আগেই জানিয়েছিল, পাকিস্তান যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে, তাহলে তারা ভারতে খেলবে না। সে ক্ষেত্রে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে।এছাড়া আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। আর ভারত যদি শেষ চারে পৌঁছায়, তাদের সেমিফাইনাল নির্দিষ্ট থাকবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই সমস্ত শর্ত মিলিয়ে একটা সময় মনে হচ্ছিল, ইডেনে সেমিফাইনাল হওয়া কার্যত অসম্ভব। ফলে বাংলার ক্রিকেটপ্রেমীদের মনখারাপ হওয়াই স্বাভাবিক ছিল।
কিন্তু ক্রিকেটে চিত্রনাট্য বদলাতে সময় লাগে না। ইতিমধ্যেই শ্রীলঙ্কা সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। অন্যদিকে পাকিস্তানের সামনে এখন কঠিন অঙ্ক—শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে না পারলে তাদের শেষ চারে ওঠা প্রায় অসম্ভব।অর্থাৎ বড় কোনও অঘটন না ঘটলে পাকিস্তান সেমিতে উঠছে না। ফলে আইসিসির আগের শর্তগুলিও কার্যত গুরুত্ব হারাচ্ছে। শ্রীলঙ্কার ঘরের মাঠে ম্যাচ সরানো বা পাকিস্তানের ভারতে না খেলার প্রসঙ্গ—দুটোই এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। ইতিমধ্যেই ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ভারত যদি শেষ চারে ওঠে, তাদের ম্যাচ হবে ওয়াংখেড়েতে। সেক্ষেত্রে সূর্যকুমার যাদবদের প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ডই।
তাহলে বাকি দুই সেমিফাইনালিস্টের লড়াই কোথায়? সম্ভাবনা বলছে, সেই ম্যাচের অন্যতম দাবিদার নিউজিল্যান্ড। আর আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী, ওই ম্যাচটি ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে কোনও বাধা নেই। সব হিসেব মিলিয়ে প্রশ্ন একটাই—ক্রিকেট ভাগ্য কি সত্যিই ইডেনের দিকে মুখ ফেরাচ্ছে? যদি আর কোনও নাটকীয় পরিবর্তন না হয়, তাহলে আগামী বুধবার বিশ্বকাপ সেমিফাইনালের উত্তেজনায় ফেটে পড়তে পারে কলকাতার এই ঐতিহাসিক মঞ্চ। ক্রিকেটের নন্দনকানন কি তবে আবারও বিশ্বমঞ্চের কেন্দ্রবিন্দু হতে চলেছে? এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।





