চরম বর্বরতা বাংলায়! ট্রেনের ছাদে পড়ে জ্বলছে মানুষ, নির্বিকার জনতা তুলছে ভিডিয়ো, দেখুন
এই ঘটনার জেরে অফিস ফেরত যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয় এবং দীর্ঘক্ষণ ব্যাহত থাকে ট্রেন চলাচল।
Truth of Bengal: ব্যস্ত সন্ধ্যার ভিড়ে ঠাসা বালিগঞ্জ স্টেশনে ঘটে গেল এক হাড়হিম করা দুর্ঘটনা। মঙ্গলবার ঘড়ির কাঁটায় তখন আনুমানিক সাড়ে সাতটা। শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টেশনে আচমকাই এক ব্যক্তির ট্রেনের ছাদে পড়ে ঝলসে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে অফিস ফেরত যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয় এবং দীর্ঘক্ষণ ব্যাহত থাকে ট্রেন চলাচল।
ভিড়ে ঠাসা বালিগঞ্জ স্টেশনে ঘটে গেল এক হাড়হিম করা দুর্ঘটনা pic.twitter.com/r3i5IJi0g4
— TOB DIGITAL (@DigitalTob) February 4, 2026
প্রত্যক্ষদর্শী ও রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনের ফুটব্রিজ দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। ব্রিজের দু-ধারে তারের জালি থাকলেও মাঝের কিছুটা অংশ ফাঁকা ছিল। ঠিক সেই ফাঁকা জায়গা দিয়েই নিচে লাইনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ছাদের ওপর গিয়ে পড়েন তিনি। সেই সময় ওভারহেড তারে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সংযোগ সচল থাকায় মুহূর্তের মধ্যে ঝলসে যান ওই ব্যক্তি। স্টেশনে উপস্থিত যাত্রীরা এই ভয়াবহ দৃশ্য দেখে চিৎকার শুরু করেন এবং আতঙ্কে অনেকে ট্রেন থেকে নেমে ছোটাছুটি শুরু করে দেন।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রেলকর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর রেল পুলিশ বা আরপিএফ ওই ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের মতে, ওই ব্যক্তির শরীরের প্রায় ৪০ শতাংশ অংশ দগ্ধ হয়েছে এবং তাঁর অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। পুলিশ ও রেল কর্তৃপক্ষ এখন খতিয়ে দেখছে এটি নিছক দুর্ঘটনা নাকি ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ওই যুবকের নাম-পরিচয় জানার চেষ্টাও চলছে। এই ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল সাময়িকভাবে থমকে যায়। স্টেশনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ায় দুর্ভোগে পড়েন কয়েক হাজার যাত্রী। প্রায় ঘণ্টাখানেক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।






