গার্ডেনরিচ জলপ্রকল্পে মেরামতির কাজ, কোথায় কোথায় বন্ধ থাকবে জল পরিষেবা?
মূলত পাম্পিং স্টেশনগুলোর রক্ষণাবেক্ষণ এবং পাইপলাইন মেরামতির কারণেই এই সাময়িক সমস্যা তৈরি হবে বলে জানানো হয়েছে।
Truth of Bengal: শনিবার দক্ষিণ কলকাতার এক বিশাল অংশে পানীয় জলের সংকট দেখা দিতে পারে। বেহালা, টালিগঞ্জ ও গড়িয়াসহ বিস্তীর্ণ এলাকায় আগামী ৩১ জানুয়ারি জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। বৃহস্পতিবার পুর অধিবেশন চলাকালীন এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মূলত পাম্পিং স্টেশনগুলোর রক্ষণাবেক্ষণ এবং পাইপলাইন মেরামতির কারণেই এই সাময়িক সমস্যা তৈরি হবে বলে জানানো হয়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, গার্ডেনরিচ জলপ্রকল্পের অধীনে থাকা বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশনগুলোতে বিশেষ সংস্কারের কাজ চালানো হবে। এই স্টেশনগুলো থেকেই মূলত দক্ষিণ কলকাতার ৮, ১০, ১২, ১৪ এবং ১৬ নম্বর বোরোর অন্তর্গত এলাকাগুলোতে জল পৌঁছায়। মেয়র জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৯টার পর থেকেই এই পরিষেবা ব্যাহত হবে। তবে নাগরিকদের সুবিধার্থে ওইদিন ভোর ৬টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত জল সরবরাহ স্বাভাবিক রাখা হবে। এরপর সারা দিন এবং রাত পর্যন্ত জল পরিষেবা অনিয়মিত থাকবে।
পরিকাঠামো উন্নয়নের এই কর্মযজ্ঞে পানীয় জলের অপচয় রোধের ওপর বিশেষ জোর দিচ্ছে পুরসভা। বেশ কিছু প্রধান পাইপলাইনে ফাটল ও ছিদ্র ধরা পড়ায় প্রতিদিন প্রচুর পরিমাণে জল নষ্ট হচ্ছে। এই মেরামতির কাজ শনিবারের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সংস্কারের কাজ মিটে গেলে ১ ফেব্রুয়ারি, অর্থাৎ রবিবার সকাল থেকেই ফের পুরনো সূচি অনুযায়ী স্বাভাবিকভাবে জল সরবরাহ শুরু হবে বলে পুর কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।
মেয়র ফিরহাদ হাকিম এলাকার বাসিন্দাদের কাছে অনুরোধ জানিয়েছেন, শনিবার সকালের নির্দিষ্ট সময়ের মধ্যে যেন তাঁরা সারা দিনের প্রয়োজনীয় জল সংগ্রহ করে রাখেন। ছুটির দিনে এই কাজ চলায় সাধারণ মানুষের কিছুটা অসুবিধা হলেও, দীর্ঘমেয়াদী জল সরবরাহ ব্যবস্থা উন্নত করতে এই পদক্ষেপ জরুরি ছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।





