কলকাতা

প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ থমকে, কারণ কেন্দ্রের অসহযোগিতা, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

PIL in Hight court for PM Awas Yojona

The truth of Bengal: রাজ্যে প্রধানমন্ত্রীর আবাস যোজনার কাজ থমকে গিয়েছে। এর মূল কারণ কেন্দ্রের অসহযোগিতা। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার অনুমোদন দিয়েছে আদালত।

গত কয়েক মাস ধরেই একাধিক প্রকল্পের টাকা আটকে দিয়েছে কেন্দ্র। ফলে, রাজ্যে বহু প্রকল্পই সময়মতো সম্পূর্ণ হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছেন কেন্দ্রের বিরুদ্ধে, সরাসরি অভিযোগ করা হয়েছে, কেন্দ্রের বিজেপি নেতৃত্ব রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে, প্রকল্পের টাকা দিচ্ছে না। পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে, ইডি, সিবিআইয়ের মতো এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে।

প্রশাসনিক সূত্রের খবর,  ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় আবাস যোজনায়, কেন্দ্রের ৬০ শতাংশ  ও রাজ্যের ৪০ শতাংশ আর্থিক সাহায্য দেওয়ার কথা। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজনদের জন্য কাঁচা বাড়িকে পাকা বাড়িতে রূপান্তরের জন্য এই প্রকল্প। কিন্তু কেন্দ্র দীর্ঘদিন ধরেই এ রাজ্যে এই প্রকল্পের বকেয়া অর্থ দিচ্ছে না। যার ফলে ধাক্কা খেয়েছে এই প্রকল্প।

পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ২.৩৪ কোটি পাকা বাড়ি নির্মাণ করার কথা। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব নয়। কেন্দ্র সরকার ভারতের অন্যান্য অঙ্গরাজ্যগুলির ক্ষেত্রে টাকা দিলেও রাজ্যকে টাকা দিচ্ছে না। এই অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল হাইকোর্টে হলফনামা দিয়ে বক্তব্য জানানোর আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করে আদালত। আগামী ৯ অক্টোবরের মধ্যে কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের।

Related Articles