‘বর্ধিত ভাতা আগে ওরাই নেবে’, বিধায়কদের বেতনবৃদ্ধি নিয়ে বিরোধীদের তুলোধনা করলেন মমতা
Mamata Banerjee

The Truth of Bengal: রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণে রবিশস্যের জন্য ১০ লক্ষ টাকা সহ একাধিক ঘোষণা করেন। তিনি বলেন, “রাজ্যে রবিশস্যের উৎপাদন বাড়াতে আমরা ১০ লক্ষ টাকার প্রণোদনা দেব। এছাড়াও, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য আমরা ৫০ কোটি টাকার বরাদ্দ করব।” মুখ্যমন্ত্রী বলেন, “বিরোধী দলগুলি আমাদের বিরুদ্ধে নেগেটিভ প্রচার চালাচ্ছে। তারা বলছে, আমরা বিধায়কদের বেতন বৃদ্ধি করেছি। কিন্তু, এই বেতন বৃদ্ধি ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী করা হয়েছে। এখন ভাতা বৃদ্ধি নিয়ে বিরোধিতা করছে। কিন্তু, বর্ধিত ভাতা আগে ওরাই নেবে। ভাতা বাড়িয়ে বেশ করেছি। সুযোগ পেলে আবার বাড়াবো”
তিনি বলেন, “কেন্দ্র সরকার অনেক ছুটি বাতিল করে দিয়েছে। কিন্তু, আমরা নির্ধারিত ছুটি বন্ধ করিনি, বরং বাড়িয়েছি। আমি রেলে ইজ্জত কার্ড চালু করেছিলাম। কিন্তু, এখন তা বন্ধ হয়ে গিয়েছে। এখন বিমানের থেকেও ট্রেনের ভাড়া হয়ে গেছে। কেন্দ্র সরকার শুধু এক শ্রেণীর মানুষের কথা ভাবে। গরীব মানুষ কিছু পায় না।”
রাজ্যের বিরোধী দলগুলিকে নিশানা করে তিনি বলেন, “তারা সব মিথ্যা কথা বলে। বাংলা শিক্ষক শিক্ষিকাদের পেনশন দেয়, সরকারি কর্মীদের পেনশন দেয় শুধু আমরাই। রাজ্যে এতবড় উৎসব চলে গেল, একটাও অশান্তি হয়েছে? কিন্তু, কেন্দ্র কোন সমস্যার সুরাহা করতে পারে না। বিজেপির কিছু লোক শুধু চিৎকার করে। সব দলে খারাপ লোক থাকে। কিন্তু, অন্য দলে অনেক বেশি আছে।”
Free Access






