পর্ষদের বড় ঘোষণা: আগামী ৭ জুন রাজ্যে নার্সিং ও প্যারামেডিক্যাল প্রবেশিকা
২৪ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে
Truth Of Bengal: রাজ্যর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল ও অ্যালায়েড সায়েন্স কোর্স পড়ার জন্য কমন এন্ট্রান্স পরীক্ষার আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার সময়সূচি ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পর্ষদ।
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পর্ষদ JENPAS (UG) নামে কমন এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করে। এই পরীক্ষায় পাশ করলে বিএসসি নার্সিং, বিপিটি ফিজিওথেরাপি, বিএমএলটি (মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি), বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি ইন পারফিউশন টেকনোলজি, বিএসসি ফিজিশিয়ান অ্যাসিসট্যান্ট, বিভিএসও (ভিশন সায়েন্সেস অ্যান্ড অপ্টোমেট্রি), বিএসসি মেডিক্যাল মাইক্রোবায়োলজি, বিএইচএ (হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন), বিওটি অক্যুপেশনাল থেরাপি, বিএসসি আরআইটি (রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি), বিএসসি সিএসআইসি (সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল) ও বিএসসি আরটি (রেসপিরেটরি থেরাপি) কোর্সে ভর্তি হওয়া যায়।
কীভাবে করবেন আবেদন
২৪ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করা যাবে। আবেদনপত্রে অনলাইনে সংশোধন করা যাবে ১৭-১৯ এপ্রিল। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত। ২টি পেপারে লিখিত (ওএমআর/পেন) পরীক্ষা হবে ৭ জুন।
আবেদনকারীকে ভারতীয় নাগরিক ও পশ্চিমবঙ্গর স্থায়ী বাসিন্দা হতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে অথবা ২০২৫/২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বসেছেন হতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ১৭ বছর। যে কোনো স্বীকৃত পর্ষদ থেকে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত/জীববিজ্ঞান ও ইংরেজি নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে অথবা ২০২৫/২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বসেছেন হতে হবে। সরকারি কলেজে বিএসসি নার্সিং কোর্সে মহিলারা পড়তে পারেন।
কত আবেদনমূল্য লাগবে
পেপার ওয়ান বা পেপার টু, যে কোনো একটা পেপারের জন্য ৫০০ টাকা। তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ৪০০ টাকা। ২টি পেপারে পরীক্ষায় বসলে ৮০০ টাকা। তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ৬৫০ টাকা। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই মারফত আবেদনমূল্য জমা দেওয়া যাবে।



