আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ফল নিয়ে চিন্তায় গেরুয়া শিবির
upcoming five state assembly elections

The Truth of Bengal: আগামী বছরের মার্চ বা মে মাসে লোকসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তবে তার আগে চলতি বছরের শেষে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। আগামী চার মাসের মধ্যে রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এই রাজ্যগুলির মধ্যে দু’টি কংগ্রেস শাসিত, আর দু’টিতে বিজেপি এবং তার জোট শাসিত। একটিতে ক্ষমতায় রয়েছে কেসিআরের নেতৃত্বে বিআরএস সরকার। এই রাজ্যগুলিতে মোট ৮৩টি লোকসভা আসন রয়েছে। ফলে লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে এই পাঁচ রাজ্যের নিধানসভা নির্বাচন বিজেপির জন্য চিন্তার হতে চলেছে। এমনই আভাস উঠে এল বিজেপি অভ্যান্তরীণ রিপোর্টে। দলের ফল ভাল করার জন্য রাজ্যেগুলির নেতারা চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক বেশি সময় দিন। প্রচারে ঝাঁপিয়ে পড়ুন তিনি। দলের ফল ভাল করতে অগত্যা মোদিই আসরে নামবেন বলে মনে করছে রাজনৈতিক শিবির। দিল্লিতে বিজেপির সদর দফতরে গত বুধবার পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে আলোচনায় বসেছিল শিবিরের শীর্ষ নেতৃত্ব। সেখানে চার রাজ্যের নেতৃত্ব ভোটের ফলাফল নিয়ে চিন্তা প্রকাশ করে।
মধ্যপ্রদেশে দল লড়াইয়ে থাকলেও বাকি তিন রাজ্য রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় জয়ের তেমন সম্ভাবনা নেই বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। যদিও মধ্যপ্রদেশেও চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল। যা ভোটে প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এমন অবস্থায় ভোট হতে চলা রাজ্যগুলির বিজেপি নেতৃত্ব চাইছে, প্রচারে ঝাঁপিয়ে পড়ুন নরেন্দ্র মোদি। কর্ণাটকে টানা এক মাস প্রচার চালিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও, তাতে ভাল ফল করতে পারেনি বিজেপি। ক্ষমতা দখল করে কংগ্রেস। তাই মদ্যপ্রদেশ সহ বাকি রাজ্যে বিজেপির ভাল ফল নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে দলের অন্দরে।






