দেশ

রানওয়ে ছুঁতেই বেসামাল বিমান! পুণেতে অল্পের জন্য রক্ষা পেলেন ১৬০ যাত্রী

পাইলটের অসামান্য দক্ষতায় শেষ পর্যন্ত বড় কোনো বিপর্যয় ঘটেনি।

Truth of Bengal: পুণের রানওয়েতে নামার মুহূর্তেই ভয়াবহ বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিমানে থাকা ১৬০ জন যাত্রী। অবতরণের সময় বিমানটি সাময়িকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কেবিনের ভেতরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাইলটের অসামান্য দক্ষতায় শেষ পর্যন্ত বড় কোনো বিপর্যয় ঘটেনি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ মধ্যপ্রদেশের ইন্দোর থেকে মহারাষ্ট্রের পুণের উদ্দেশে রওনা দিয়েছিল ওই বিমানটি। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৫টা নাগাদ সেটি পুণে বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু চাকা রানওয়ে ছোঁয়ার পরেই ঘটে বিপত্তি। রানওয়ে ধরে এগোনোর সময় আচমকাই উড়ানটি বেসামাল হয়ে পড়ে এবং প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। পরিস্থিতি বেগতিক বুঝে অভিজ্ঞ পাইলট তড়িঘড়ি ‘গো-অ্যারাউন্ড’ (Go-around) করান, অর্থাৎ রানওয়ে থেকে বিমানটিকে ফের আকাশে উড়িয়ে নিয়ে যান।

আচমকা এই ঘটনায় যাত্রীদের মধ্যে কান্নাকাটি ও হুলস্থুল পড়ে যায়। মাঝ আকাশে কিছুক্ষণ চক্কর কাটার পর বিমানটি পুনরায় নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, বিমানে থাকা সমস্ত যাত্রী এবং কর্মীরা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন। এই ঘটনায় কারিগরি ত্রুটি ছিল নাকি প্রতিকূল আবহাওয়া দায়ী ছিল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।