দেশ

জল না পেয়ে হাহাকার! সিন্ধুর জল চেয়ে ভারতকে পাকিস্তানের চার চারটি চিঠি

Pakistan sends four letters to India seeking Indus water

Truth Of Bengal: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় ৬০ বছরের পুরনো সিন্ধু জলচুক্তি স্থগিত করেছিল ভারত। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে গত এক মাসে চারটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান। কিন্তু এখনও পর্যন্ত নয়াদিল্লির পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। ঠিক পরদিনই প্রতিক্রিয়া হিসেবে ভারত ঘোষণা করে সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত। এরপর থেকেই পাকিস্তানের জলসম্পদ সচিব সৈয়দ আলি মুর্তজা ভারতের জলশক্তি মন্ত্রককে একাধিক চিঠি পাঠিয়েছেন, দাবি জানিয়ে চুক্তি পুনর্বহালের।

সূত্রের দাবি, ‘অপারেশন সিঁদুর’-এর পরই তিনটি চিঠি পাঠানো হয়। পাকিস্তানের অভিযোগ—চুক্তি একতরফাভাবে স্থগিত করা আন্তর্জাতিক চুক্তির পরিপন্থী এবং ভারত এই সিদ্ধান্ত নিয়ে চুক্তির বিধান লঙ্ঘন করেছে।

এদিকে ভারতের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও সূত্রের খবর, সরকার তাদের অবস্থানে অনড়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, “সীমান্ত সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনায় বসবে না ভারত।”

প্রসঙ্গত, ১৯৬০ সালের এই চুক্তি অনুযায়ী পশ্চিমাঞ্চলের সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর উপর পাকিস্তানের অধিকার ছিল ৮০ শতাংশ, ভারত রাখত মাত্র ২০ শতাংশ। সেই অনুযায়ী পাকিস্তানকে নিয়মিত জলপ্রবাহ সংক্রান্ত তথ্যও দিত ভারত। বর্তমানে সেই তথ্য প্রদান বন্ধ করা হয়েছে।

Related Articles