দুধে মিশল বিষ! অন্ধ্রপ্রদেশে মৃত্যুর মিছিল, ভয়াবহ বিষক্রিয়ায় মৃত অন্তত ১৩
দুধে ঠিক কী ধরনের বিষাক্ত উপাদান মেশানো হয়েছিল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
Truth of Bengal: অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় ভেজাল দুধ পানের জেরে এক ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মোট ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া আরও ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি সংশ্লিষ্ট গ্রামগুলোতে চিকিৎসক দল পাঠানো হয়েছে এবং একটি জরুরি স্বাস্থ্য শিবির খোলা হয়েছে। দুধে ঠিক কী ধরনের বিষাক্ত উপাদান মেশানো হয়েছিল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছে পূর্ব গোদাবরী জেলার লালাচেরুভুর এবং স্বরূপনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি প্রথম বিষক্রিয়ার লক্ষণ প্রকাশ পায়। গ্রামের বেশ কয়েকজন প্রবীণ বাসিন্দা হঠাৎ বমি ও অসহ্য পেটব্যথায় অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক নিশ্চিত করেছেন যে, ভেজাল দুধের প্রতিক্রিয়ায় মৃত ১৩ জন ছাড়াও আরও বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এলাকার ভারলক্ষ্মী ডেয়ারি ফার্ম থেকে ওই অঞ্চলের প্রায় ১০৬টি পরিবার নিয়মিত দুধ কিনত। ওই ফার্মের দুধ থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে ওই সংস্থাটির দুধ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
আক্রান্তদের চিকিৎসার সুবিধার্থে স্বাস্থ্য দপ্তর গ্রামে ২৪ ঘণ্টার জন্য অ্যাম্বুল্যান্স ও নার্সিং কর্মীদের মোতায়েন করেছে। এদিকে অসুস্থ রোগীদের রক্ত পরীক্ষায় অত্যন্ত উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীদের রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণত তীব্র বিষক্রিয়ার ফলে ঘটে থাকে। ঠিক কী কারণে এই মৃত্যুমিছিল, তা নিশ্চিত হতে দুধের নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।






