দেশ

আইআরসিটিসি দুর্নীতি: রাজনৈতিক প্রতিহিংসা, চার্জ গঠনের নির্দেশ নিয়ে দাবি তেজস্বীর

ইতিমধ্যেই, এই ঘটনাটি জনসম্মুখে আসতেই রাজনৈতিক তর্কাতর্কিতে নেমেছে ইন্ডিয়া ও এনডিএ, দুই শিবির।

Truth Of Bengal: বিহার বিধানসভা নির্বাচন নিয়ে এমনিতেই উত্তেজনা তুঙ্গে ছিল সেই রাজ্যের ভোটারদের। তার উপর পরিস্থিতি আরও চঞ্চল্যকর তৈরি করে দিয়েছে লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে আইআরসিটিসি দুর্নীতি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের চার্জ গঠনের নির্দেশ। ইতিমধ্যেই, এই ঘটনাটি জনসম্মুখে আসতেই রাজনৈতিক তর্কাতর্কিতে নেমেছে ইন্ডিয়া ও এনডিএ, দুই শিবির। এবার এই বিষয় নিজের প্রতিক্রিয়া জানালেন লালুপুত্র, তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তেজস্বী যাদব। তাঁর সাফ কথা, এটি রাজনৈতিক প্রতিহিংসা। পাশাপাশি, তিনি এটাও পরিষ্কার করে দেন যে জীবনের শেষদিন পর্যন্ত লড়ে যাবেন।

তেজস্বী যাদব বলেন, “আমরা সম্মান করি আদালতের রায়কে। আমরা এই মামলা লড়ব। আমরা প্রথমদিন থেকেই বলে আসছি যে ভোট যত কাছে আসবে, ততো এই জাতীয় ঘটনা ঘটবে।” এরপরই বিহারবাসীদের নিয়ে নিজের মতামত জানান প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। লালুপুত্র বলেন, “বিহারের মানুষরা বুদ্ধিমান এবং কি ঘটছে তাঁরা জানেন। আমরা শিকার রাজনৈতিক প্রতিহিংসার। লড়ে যাব জীবনের শেষদিন পর্যন্ত।”

এরপরই তেজস্বী যাদব প্রশংসা করেন তাঁর বাবা লালুপ্রসাদ যাদবের। তিনি দাবি করেন যে সবচেয়ে জনপ্রিয় রেলমন্ত্রী ছিলেন তাঁর বাবা। তেজস্বী বলেন, “সবচেয়ে জনপ্রিয় রেলমন্ত্রী ছিলেন উনি। রেলকে মুনাফা এনে দিয়েছিলেন ৯০ হাজার কোটি টাকা।” রেলের প্রতি তাঁর অবদান কি সেটাও তুলে ধরেন তেজস্বী। তিনি বলেন, “আমার বাবা প্রত্যেকটি বাজেটের রেলের ভাড়া কমিয়েছেন। ওনার কাছে পড়াশোনা করতে আসতেন হার্ভার্ড এবং আইআইএম-এর ছাত্রছাত্রীরা। সত্যিটা জানেন দেশ এবং বিহারের মানুষেরা।”

Related Articles