IndiGo Flight: পাখির ধাক্কায় ইঞ্জিনে সমস্যা, জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের
ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাখির ধাক্কায় ইঞ্জিনে কম্পন অনুভব করেন পাইলট, সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
Truth of Bengal: আবারও বিপত্তি আকাশপথে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পটনা থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান। ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাখির ধাক্কায় ইঞ্জিনে কম্পন অনুভব করেন পাইলট, সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। পটনার জয়প্রকাশ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা ৪২ মিনিটে দিল্লির উদ্দেশে উড়ে যায় ইন্ডিগোর বিমানটি। তবে আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানের। তৎক্ষণাৎ ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন টের পান পাইলট। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর কাছে জরুরি অবতরণের জন্য বার্তা পাঠান (IndiGo Flight)।
আরও পড়ুন: Social Issues: সহিংসতা ও বৈষম্য সৃষ্টির কারণ
এটিসি দ্রুত রানওয়ে ফাঁকা করে দেয়। নিরাপদে জরুরি অবতরণ করানো হয় বিমানটি। এরপর বিমান থেকে নামিয়ে আনা হয় সকল ১৬৯ জন যাত্রীকে, যাঁরা সকলেই নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। বিমানটিকে পরীক্ষা করে দেখা গিয়েছে, ইঞ্জিনের ভালই ক্ষতি হয়েছে। বিমানের যাত্রীদের বিকল্প ব্যবস্থায় দিল্লি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেছে বিমান সংস্থা (IndiGo Flight)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
উল্লেখ্য, ১২ জুন আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান দুর্ঘটনার পর থেকে ভারতের আকাশপথে একের পর এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। কখনও জ্বালানি ফুরিয়ে যাওয়া, কখনও বোমাতঙ্ক, আবার কখনও প্রযুক্তিগত ত্রুটির জেরে জরুরি অবতরণ করতে হয়েছে বহু বিমানকে। এই পরিস্থিতি নিয়ে মঙ্গলবারই উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় সমিতি। তারা যাত্রী নিরাপত্তা নিয়ে ডিজিসিএ ও বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে আরও সতর্ক হওয়ার জন্য। এই ঘটনার পর ফের একবার প্রশ্ন উঠেছে, আকাশপথে যাত্রী নিরাপত্তা নিয়ে যথেষ্ট পদক্ষেপ করা হচ্ছে কি না। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে কেন্দ্রীয় বিমান মন্ত্রক (IndiGo Flight)।






