আন্তর্জাতিকদেশ

বাণিজ্যচুক্তি নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ ভারত-আমেরিকার

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশই এই চুক্তির কাঠামো দ্রুত বাস্তবায়ন করবে এবং একটি পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করবে।

Truth Of Bengal: ভারত ও আমেরিকা ‘অন্তবর্তী’ বাণিজ্যচুক্তি নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। একই সঙ্গে এই চুক্তির কাঠামো বা রূপরেখাও প্রকাশ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। পাশাপাশি, রুশ তেল কেনার কারণে আমেরিকা ভারতের ওপর যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল, তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশই এই চুক্তির কাঠামো দ্রুত বাস্তবায়ন করবে এবং একটি পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করবে। এই চুক্তি দু’দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করবে। পাশাপাশি এই বাণিজ্যচুক্তিকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

যৌথ বিবৃতি প্রকাশিত হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘ভারত ও আমেরিকার জন্য দারুণ সংবাদ! দুই মহান দেশ একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্যচুক্তির কাঠামোতে একমত হয়েছে। দু’দেশের সম্পর্ক মজবুত করার জন্য এবং ব্যক্তিগত প্রতিশ্রুতির জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাই।’ মোদি আরও লিখেছেন, ‘এই কাঠামো আমাদের অংশীদারিত্বের ক্রমবর্ধমান গভীরতা, আস্থা ও গতিশীলতা প্রতিফলিত করে। এটি ভারতের কৃষক, উদ্যোক্তা, এমএসএমই, স্টার্টআপদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং নারী ও তরুণদের জন্য প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করবে।’

মোদির সঙ্গে টেলিফোনে কথা বলার পর গত সোমবার রাতে (ভারতীয় সময়) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছিলেন, ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হবে। তবে এরপরই এই চুক্তি নিয়ে কিছু ধোঁয়াশা তৈরি হয়। কারণ গত বছর রুশ তেল কেনার কারণে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন। তা আদৌ প্রত্যাহার করা হবে কি না—এই প্রশ্ন উঠেছিল। পরে হোয়াইট হাউস জানিয়েছিল, ওই অতিরিক্ত শুল্কও প্রত্যাহার করা হবে। শুক্রবার ‘অন্তবর্তী’ বাণিজ্যচুক্তি নিয়ে যৌথ বিবৃতি প্রকাশিত হতেই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়।