দেশ

উৎসবের মাঝেই গ্যাসের মূল্য বৃদ্ধি! কত বাড়ল দাম?

মাসের প্রথম দিনেই এক ধাক্কায় ১৬ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

Truth Of Bengal: উৎসবের মাঝেই গ্যাসের মূল্য বৃদ্ধি। সেপ্টেম্বর পার হয়ে অক্টোবরে পড়তে না পড়তেই একধাক্কায় চড়ল দাম। তবে গৃহস্থালির ঘরে ব্যবহৃত ১৪ কেজি গ্যাসের দাম বৃদ্ধি হয়নি। কিন্তু মাসের প্রথম দিনেই এক ধাক্কায় ১৬ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম।

বুধবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় ১৬ টাকা। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, কলকাতায় নতুন দাম হয়েছে ১৭০০ টাকা। তবে গৃহস্থালিতে ব্যবহৃত ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

গত মাসেই বাণিজ্যিক গ্যাসের দাম একবার কমানো হয়েছিল। সেপ্টেম্বরে প্রায় ৫১ টাকা ৫০ পয়সা কমেছিল ১৯ কেজির সিলিন্ডারের দাম। মূলত হোটেল, রেস্তরাঁ ও ক্যাটারিং পরিষেবাগুলিতে বাণিজ্যিক গ্যাসের ব্যবহার হয়ে থাকে।

শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতেও দাম বাড়ানো হয়েছে। দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম ১৫ টাকা বেড়ে হয়েছে ১৫৯৫ টাকা, মুম্বইতে ১৬ টাকা বাড়িয়ে হয়েছে ১৫৪৭ টাকা এবং চেন্নাইতে নতুন দাম দাঁড়িয়েছে ১৭৫৪ টাকা।

গৃহস্থালির গ্যাসের দাম অবশ্য অপরিবর্তিত রয়েছে। মনে করিয়ে দেওয়া প্রয়োজন, এ বছরের মার্চ মাসে নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন। এরপর এপ্রিল মাসে আবার ৫০ টাকা দাম বাড়ানো হয়। সেই বৃদ্ধির পর থেকে গৃহস্থালির গ্যাসের দামে আর কোনও পরিবর্তন হয়নি।

পুজোর আগে গ্যাসের দাম কিছুটা কমতে পারে বলে আশা করেছিলেন সাধারণ গ্রাহকরা। তবে গৃহস্থালির গ্যাসে পরিবর্তন না হলেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় উদ্বেগ বেড়েছে হোটেল ও রেস্তরাঁ শিল্পে।

Related Articles