CBSE Board Exam: সিবিএসই বোর্ড পরীক্ষায় বড় রদবদল, প্রকাশিত সংশোধিত সূচি
সংশোধিত সূচি অনুযায়ী, দশম শ্রেণির যে পরীক্ষাগুলি ৩ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলি এখন হবে ১১ মার্চ।
Truth of Bengal: কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ (CBSE) ২০২৬ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সময়সূচিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। বোর্ডের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ মার্চের নির্ধারিত পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে ৩ মার্চ বাদে বাকি সমস্ত দিনের পরীক্ষার সূচি অপরিবর্তিত থাকছে বলে স্পষ্ট করেছে পর্ষদ। সংশোধিত সূচি অনুযায়ী, দশম শ্রেণির যে পরীক্ষাগুলি ৩ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলি এখন হবে ১১ মার্চ। ওই দিন তিব্বতি, জার্মান, এনসিসি, বোড়ো, জাপানি, স্পেনীয়, কাশ্মীরি, মিজো এবং বুক কিপিং-সহ একাধিক ভাষা ও ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল।
অন্যদিকে, দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে পরিবর্তন আরও বড়। ৩ মার্চের নির্ধারিত পরীক্ষাটি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১০ এপ্রিল। অর্থাৎ, এক মাসেরও বেশি সময় পরে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে ২০২৬ শিক্ষাবর্ষ থেকে সিবিএসই বোর্ড পরীক্ষায় একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। বোর্ড জানিয়েছে, এবার থেকে দশম শ্রেণিতে বছরে দু’বার বোর্ড পরীক্ষা নেওয়া হবে। প্রথম পর্বের পরীক্ষা শেষ হবে ১০ মার্চ, এবং দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ মে থেকে। প্রথম পর্বের ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা দ্বিতীয় পর্বে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, বেশিরভাগ বিষয়ের পরীক্ষা সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। তবে কিছু নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে পরীক্ষার সময়সীমা থাকবে সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীদের উদ্দেশে সিবিএসই পরামর্শ দিয়েছে, সংশোধিত তারিখগুলি সতর্কতার সঙ্গে নোট করে রাখতে এবং ৩ মার্চ বাদে বাকি দিনগুলির প্রস্তুতি আগের রুটিন অনুযায়ীই চালিয়ে যেতে। পাশাপাশি, যেকোনো বিভ্রান্তি এড়াতে নিয়মিত নিজেদের স্কুলের মাধ্যমে অথবা সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে।






