দেশ

‘পাকিস্তানে বিস্ফোরণে ঘুম উড়েছিল ওদের’, বিহারে কাকে কটাক্ষ করলেন মোদি?

নিজের বক্তব্যের মাধ্যমে তিনি দাবি করেন যে হাত শিবির পাকিস্তানের সমর্থক।

Truth Of Bengal: আগামী বৃহস্পতিবার, ৬ নভেম্বর, বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। ক্রমশই উত্তেজনার পারদ চড়ছে ভোটারদের। শেষ মুহূর্তের প্রচারে নিজেদের সবটা দিয়ে দিচ্ছে ইন্ডিয়া থেকে শুরু করে এনডিএ, দুই শিবিরই। রবিবার আরায় এক সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে, একহাত নেন কংগ্রেস ও পাকিস্তানকে। নিজের বক্তব্যের মাধ্যমে তিনি দাবি করেন যে হাত শিবির পাকিস্তানের সমর্থক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “বিস্ফোরণ হয়েছিল পাকিস্তানে। কিন্তু ঘুম উড়ে গিয়েছিল কংগ্রেস রাজপরিবারের।” এরপরই অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “পাকিস্তান ও কংগ্রেসের নামদাররা এখনো সেরে ওঠেনি অপারেশন সিঁদুরের ধাক্কা থেকে।” এছাড়া আরজেডি ও কংগ্রেসের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের রক্ষা করার অভিযোগও তোলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, “তাদের উদ্দেশ্য খতরনাক। তাই আরজেডি ও কংগ্রেসের থেকে বেঁচে থাকুন। ওরা জঙ্গলরাজের পাঠশালায় পড়েছে।”

প্রসঙ্গত, আসন্ন বিহার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফার ভোট চলতি মাসের ৬ তারিখে এবং দ্বিতীয়টি ১১ তারিখে। ভোটগণনা হবে ১৪ তারিখে। তার আগেই একাধিক কিছুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। একে অপরের বিরুদ্ধে লাগাতার অভিযোগের আঙ্গুল তুলে বেড়াচ্ছে ইন্ডিয়া ও এনডিএ, দুই শিবির। দুই জোটেরই বক্তব্য, বিহারের উন্নয়ন করার ক্ষমতা রয়েছে তাদের হাতে। সেক্ষেত্রে দেখার যে শেষ পর্যন্ত বাজিমাত কে করে। কেউ বলছেন ইন্ডিয়া, তো কেউ বলছেন এনডিএ। তবে গতবারের ফলের দৃষ্টিকোণ থেকে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা এখনই বেশ ভালো বোঝা যাচ্ছে।

Related Articles