মর্মান্তিক! অ্যাম্বুল্যান্সের ধাক্কায় প্রাণ গেল দম্পতির, আহত ২
একটি স্কুটারকে প্রায় কয়েক মিটার টেনে নিয়ে গিয়ে শেষমেশ ধাক্কা মারে রাস্তার ধারের পুলিশ আউটপোস্টে।
Truth Of Bengal: জীবন বাঁচানোর গাড়িই কেড়ে নিল দু’টি প্রাণ। গভীর রাতে বেঙ্গালুরুর রিচমন্ড সার্কেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। অভিযুক্ত অ্যাম্বুল্যান্সচালককে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ১১টা নাগাদ রিচমন্ড সার্কেলের ট্রাফিক সিগন্যালে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় সিগনাল লাল থাকায় বেশ কয়েকটি মোটরবাইক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। হঠাৎই পেছন দিক থেকে দ্রুতগতিতে এসে পড়ে একটি অ্যাম্বুল্যান্স। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাইককে ধাক্কা মারে সেটি। একটি স্কুটারকে প্রায় কয়েক মিটার টেনে নিয়ে গিয়ে শেষমেশ ধাক্কা মারে রাস্তার ধারের পুলিশ আউটপোস্টে।
আরও পড়ুনঃ শেফালি-দীপ্তি-স্মৃতির অনবদ্য ব্যাটিংয়ে ভর করে ২৯৮ রান করল ভারত
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটার আরোহী দম্পতি— ৪০ বছর বয়সি ইসমাইল এবং তাঁর স্ত্রী সামিন বানুর। তাঁরা দু’জনেই ডিও মডেলের স্কুটারে করে যাচ্ছিলেন বলে জানা গেছে। এছাড়াও, আরও দুই বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা মিলে অ্যাম্বুল্যান্সটিকে সরানোর চেষ্টা করেন।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় ছড়িয়ে রয়েছে ভাঙাচোরা মোটরবাইক ও ক্ষতিগ্রস্ত পুলিশ আউটপোস্টের অংশবিশেষ।উইলসন গার্ডেন ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, অ্যাম্বুল্যান্সের চালক অশোককে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি লাল সিগন্যাল উপেক্ষা করে অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন।স্থানীয়দের অভিযোগ, রাতে ওই এলাকায় ট্রাফিক সিগন্যাল না মানার ঘটনা প্রায়ই ঘটে। দুর্ঘটনার পর ক্ষোভ উগরে দেন তাঁরা। প্রশাসনের কাছে ওই এলাকায় কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।





