Ayushman Bharat: বকেয়া ১.২১ লক্ষ কোটি! ব্যর্থ ‘আয়ুষ্মান ভারত’? আগ্রহ হারাচ্ছে বেসরকারি হাসপাতালগুলি
জানা গিয়েছে, খুব কম ক্ষেত্রেই ১৫ দিনের মধ্যে সমস্ত খরচ পাওয়া গেছে। বাকিদের ক্ষেত্রে টাকা পেতে বহু মাস অপেক্ষা করতে হচ্ছে।
Truth Of Bengal: ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) প্রকল্পের ক্ষেত্রে ব্যাপক ব্যর্থতার মুখে মোদি সরকার। ১ লক্ষ কোটির বেশি ছাড়িয়েছে বেশকিছু বেসরকারি হাসপাতালের বকেয়ার পরিমাণ। চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এই সংক্রান্ত যাবতীয় সবকিছু জানিয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রের বিরুদ্ধে গাছাড়া মনোভাবেরও অভিযোগ তোলা হয়েছে তাদের তরফ থেকে। এক কথায় বলতে গেলে, মুখ পুড়েছে কেন্দ্র সরকারের।
আইএমএর বক্তব্য, “এই পর্যন্ত কেন্দ্র (Ayushman Bharat) ১.২১ লক্ষ্য কোটি টাকার বকেয়া মেটায়নি। কিন্তু তা করার কথা ছিল চিকিৎসা হওয়ার ১৫ দিনের মধ্যে।” জানা গিয়েছে, খুব কম ক্ষেত্রেই ১৫ দিনের মধ্যে সমস্ত খরচ পাওয়া গেছে। বাকি পেতে বহু মাস অপেক্ষা করতে হচ্ছে। এক্ষেত্রে চিকিৎসক সংগঠন জানিয়েছে, “কেন্দ্রের ভুলেই এই প্রকল্পের প্রতি আগ্রহ নষ্ট হচ্ছে। তাদের গাছাড়া মনোভাবের জন্যই আগ্রহ হারাচ্ছে বেসরকারি হাসপাতালগুলি।”
শুধু তাই নয়, আরও জানা যাচ্ছে যে দ্রুত গতিতে কমছে নথিভুক্ত হাসপাতালের সংখ্যা। কারণ চিকিৎসার যা খরচা, সেই অনুযায়ী দর অত্যন্ত কম দিচ্ছে কেন্দ্র। পাশাপাশি, টাকা মেটানোর ক্ষেত্রেও বিশাল দেরি হচ্ছে, যার ফলে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে হাসপাতালগুলিকে সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার ক্ষেত্রে। এই সমস্ত কারণের জন্যই নথিভুক্ত হাসপাতালগুলির সংখ্যা বিশাল কমছে।
উল্লেখ্য, ২০১৮ সালে গোটা দেশে ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। এখনো পর্যন্ত মোট ৪১ কোটি কার্ড তৈরি হয়েছে। তবে এই প্রকল্পে যেই শর্ত রয়েছে, তার জন্য বঞ্চিত হয়েছেন বহু গরিব মানুষ। কিন্তু বাংলা সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে তেমনটা দেখা যায়নি। অনেকেই এর সুবিধা পেয়ে চলেছেন।






