দিল্লি বিধানসভায় ‘সিকিউরিটি ব্রিচ’! গেট ভেঙে ঢুকল মুখোশধারী, স্পিকারের গাড়িতে কালি ছিটিয়ে চম্পট
এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
Truth of Bengal: সোমবার দুপুরে এক মুখোশধারী চালকের বেপরোয়া কাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়াল দিল্লি বিধানসভা চত্বরে। একটি উত্তরপ্রদেশের নম্বর প্লেটযুক্ত গাড়ি বিধানসভার ২ নম্বর গেট ভেঙে সজোরে ভেতরে ঢুকে পড়ায় বড়সড় নিরাপত্তা সংকটের সৃষ্টি হয়। সম্প্রতি বাজেট অধিবেশন চলাকালীন বিধানসভায় বোমা হামলার হুমকির রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ ও সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুর ২টো নাগাদ ওই গাড়িটি হুড়মুড়িয়ে বিধানসভা চত্বরে প্রবেশ করে। এরপর চালক সরাসরি বিধানসভার স্পিকার বিজেন্দর গুপ্তার অফিসের দিকে এগিয়ে যান। সেখানে পোর্চের সামনে একটি ফুলের তোড়া রেখে দ্রুত ফিরে যাওয়ার সময় তিনি স্পিকারের গাড়িতে কালি ছুঁড়ে মারেন বলে অভিযোগ। এই অদ্ভুত ও বিপজ্জনক আচরণের পরই গাড়িটি চম্পট দিতে সক্ষম হয়।
#WATCH | Visuals from Delhi Assembly premises after a car with a Uttar Pradesh registration number forcibly entered Gate No. 2, breaking the iron gate. The driver placed a bouquet there and left. The search for the vehicle is ongoing. pic.twitter.com/FCnDB5wcgS
— ANI (@ANI) April 6, 2026
দিল্লি সচিবালয়ের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত চালক পুরো সময় মুখ ঢেকে রেখেছিলেন। স্পিকারের অফিসের সামনে ফুলের তোড়া রাখা এবং তাঁর গাড়িতে কালি ছিটানোর ঘটনাটি পরিকল্পিত বলেই মনে করা হচ্ছে। ঘটনার পরপরই গোটা এলাকায় কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে।
বিধানসভার মতো উচ্চ নিরাপত্তা বলয় ভেঙে কীভাবে একটি গাড়ি ভেতরে ঢুকে আবার নির্বিঘ্নে পালিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশন নম্বরটি পরীক্ষা করে গাড়ির মালিকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কি না।






