দেশ

Anil Ambani: অর্থপাচার ও ঋণ জালিয়াতি কেলেঙ্কারি! অনিল আম্বানির সংস্থাগুলিতে ইডির হানা

সূত্রের খবর, মুম্বইয়ের বিভিন্ন অফিস এবং সংশ্লিষ্ট কয়েক জন ব্যক্তির বাসভবনেও তল্লাশি চলছে।

Truth of Bengal: অর্থপাচার ও ঋণ জালিয়াতির অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকেই অনিল আম্বানির সঙ্গে যুক্ত একাধিক সংস্থার দফতরে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, মুম্বইয়ের বিভিন্ন অফিস এবং সংশ্লিষ্ট কয়েক জন ব্যক্তির বাসভবনেও তল্লাশি চলছে। ইডির তরফে জানানো হয়েছে, অনিল আম্বানির কিছু সংস্থা বহু দিন ধরেই ঋণ গ্রহণ ও অর্থ ব্যবহারের খতিয়ে দেখার তালিকায় ছিল। তদন্তকারীরা অভিযোগ করেছেন, বড় অঙ্কের ঋণ নেওয়া হলেও, সেই অর্থ ব্যবসায়িক কাজে না লাগিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। সঠিক হিসেব না থাকায় আর্থিক গরমিলও স্পষ্ট হয়েছে (Anil Ambani)।

আরও পড়ুন: Shamik Bhattacharya: সংগঠন মজবুত করতে আদি নেতাদের নিয়ে কমিটি গড়তে চলেছেন শমীক

জানা গিয়েছে, অভিযান চলাকালীন ইডি আধিকারিকেরা ইতিমধ্যেই বহু কম্পিউটার হার্ডড্রাইভ, গুরুত্বপূর্ণ নথি, ইমেল লগ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত ফাইল জব্দ করেছেন। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিছু আর্থিক পরামর্শদাতাকেও।প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই অনিল আম্বানিকে ‘উইলফুল ডিফল্টার’ বা ইচ্ছাকৃত ঋণফেরত না-দেওয়া ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)। ২০২৩ সালের ডিসেম্বর, ২০২৪-এর মার্চ এবং সেপ্টেম্বর মাসে রিলায়েন্স কমিউনিকেশনসকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল (Anil Ambani)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

সংস্থার পক্ষ থেকে দেওয়া জবাব পর্যালোচনার পর ব্যাংকের তরফে জানানো হয়, ঋণের শর্তভঙ্গের পাশাপাশি আর্থিক লেনদেনে বহু অসঙ্গতি রয়েছে। এই পরিস্থিতিতে ইডি আরও গভীর তদন্তে নামে এবং বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় তল্লাশি। ইডি সূত্রে খবর, প্রাথমিকভাবে যেসব নথি উদ্ধার হয়েছে, সেগুলি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তদন্তে আরও কয়েকটি সংস্থা বা ব্যক্তির নাম উঠে আসার সম্ভাবনাও থাকছে। এই ঘটনায় এখনও পর্যন্ত অনিল আম্বানি বা তাঁর সংস্থার পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে তদন্তের দিক থেকে এটি যে একটি বড় পদক্ষেপ, তা মেনে নিচ্ছেন ইডি-র আধিকারিকরা (Anil Ambani)।

Related Articles