জানলার ধারের সিটের জন্য আর বাড়তি টাকা নয়! বিমানের টিকিট নিয়ে কেন্দ্রের বড় সিদ্ধান্ত
৬০ শতাংশ আসন নির্বাচনের জন্য যাত্রীদের আর কোনো অতিরিক্ত ফি দিতে হবে না
Truth of Bengal: বিমানযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে এক বড়সড় স্বস্তির খবর শোনাল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। বুধবার জারি করা এক নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে, এখন থেকে বিমানের অন্তত ৬০ শতাংশ আসন নির্বাচনের জন্য যাত্রীদের আর কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। এর ফলে বিমানে যাতায়াত আরও সাশ্রয়ী হবে বলে মনে করা হচ্ছে।
এতদিন পর্যন্ত নিজের পছন্দমতো আসন, বিশেষ করে জানলার ধারের সিট বা বাড়তি লেগস্পেস থাকা আসনগুলি বেছে নিতে গেলে যাত্রীদের মোটা অঙ্কের অতিরিক্ত টাকা গুনতে হতো। এই অতিরিক্ত চার্জ নিয়ে সমাজমাধ্যমে বারবার ক্ষোভ উগরে দিয়েছিলেন সাধারণ মানুষ। যাত্রীদের সেই আপত্তির কথা মাথায় রেখেই কেন্দ্র এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ৬০ শতাংশ আসনে এই বাড়তি করের বোঝা আর থাকছে না। পাশাপাশি পরিবার বা বন্ধুদের সঙ্গে সফরের ক্ষেত্রেও বড় সুবিধা দিচ্ছে এই নির্দেশিকা। একই পিএনআর (PNR) নম্বরে থাকা যাত্রীদের এখন থেকে বাধ্যতামূলকভাবে পাশাপাশি আসন দিতে হবে। আগে অনেক ক্ষেত্রেই দেখা যেত, একসঙ্গে টিকিট কাটলেও পাশাপাশি বসার জন্য আলাদা করে টাকা দিতে হচ্ছে। নতুন নিয়মে সেই সমস্যার চিরতরে সমাধান হতে চলেছে।
যাত্রীদের সুবিধার্থে আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মন্ত্রক। বিমানে যাতায়াতের সময় সঙ্গে করে বাদ্যযন্ত্র, খেলাধুলার সরঞ্জাম কিংবা পোষ্য প্রাণী নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিটি বিমান সংস্থাকে এখন থেকে অত্যন্ত স্পষ্ট ও স্বচ্ছ নীতি গ্রহণ করতে হবে। বিভিন্ন সংস্থার ভিন্ন ভিন্ন নিয়ম এবং অনেক ক্ষেত্রে অতিরিক্ত ফি নেওয়ার যে অভিযোগ আসছিল, তা রুখতেই এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ভারত বর্তমানে বিমান পরিবহণের ক্ষেত্রে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রতিদিন দেশের বিমানবন্দরগুলিতে গড়ে প্রায় ৫ লক্ষ যাত্রী যাতায়াত করেন। যাত্রীসংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় পরিষেবা ও স্বাচ্ছন্দ্যের মান বজায় রাখতে কেন্দ্র এই ধরণের জনমুখী পদক্ষেপ নিচ্ছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।



